চট্টগ্রাম সিটি নির্বাচনেও বন্দর নিয়ন্ত্রণের রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপি উভয় দলের কাছেই চট্টগ্রাম বন্দর এখন বড় ইস্যু। বন্দর পরিচালনার সঙ্গে কোনোভাবেই সিটি করপোরেশনের কোনো সম্পর্ক বা ভূমিকা নেই। তার পরও প্রধান দুই দলের সমর্থিত দুই মেয়র প্রার্থীর পক্ষে প্রচার-গণসংযোগে বন্দরের প্রসঙ্গটি জোরেশোরে আসছে। দুই দলই মনে করে, দলীয় মেয়র থাকলে বন্দর নিয়ে তাদের অবস্থানের যৌক্তিকতা প্রমাণে সুবিধা হবে। তবে দেশের প্রধান এই সমুদ্রবন্দরকে সংকীর্ণ দলীয় রাজনীতির জাঁতাকলে ফেলার এ চেষ্টাকে ভালোভাবে দেখছেন না বন্দরকেন্দ্রিক ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, অতীতে বিভিন্ন সময় ছোটখাটো ইস্যুতেও শ্রমিক সংগঠনগুলোর মাধ্যমে বন্দর অচল করা হয়েছে।শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বন্দরকে সিটি করপোরেশনের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। দলগুলো মনে করছে, বন্দর নিয়ন্ত্রণে থাকলে বুঝি চট্টগ্রামের রাজনীতিও নিয়ন্ত্রণে থাকবে।জানতে চাইলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম বন্দর জাতীয় ইস্যু। এর সমস্যাও জাতীয় সমস্যা। তাই নির্বাচনে এর গুরুত্ব পাওয়াটা স্বাভাবিক। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ বলেন, রাষ্ট্রীয় নীতিনির্ধারণে চট্টগ্রাম বন্দরের একটা প্রভাব আছে। তবে বন্দরকে ইস্যু হিসেবে নয়, জাতীয় স্বার্থে ব্যবহারের জন্য আওয়ামী লীগ নীতি নিয়েছে। দলীয় সূত্রগুলো জানায়, বিএনপি মনে করছে তাঁদের সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ মন্জুর আলম নির্বাচিত হলে বন্দর নিয়ে ভারতের সঙ্গে সম্পাদিত সমঝোতা স্মারকের বিরুদ্ধে তাঁদের অবস্থানের যৌক্তিকতা প্রমাণ হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম বন্দর ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ে বিএনপির সুস্পষ্ট বক্তব্য রয়েছে। তাই চট্টগ্রামের মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী জয়ী হলে আন্দোলনের ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে।আরেক কেন্দ্রীয় নেতার মতে, আন্দোলনের মাধ্যমে বন্দর ব্যবহারে ভারতের সঙ্গে সমঝোতা স্মারক বাতিল করানো গেলে রাজনৈতিকভাবে বিএনপি লাভবান হবে। তিনি বলেন, বন্দর-শ্রমিকদের ওপর মেয়রের একটা প্রভাব থাকে। ওই প্রভাব কাজে লাগাতে পারলে সরকারের পক্ষে বন্দর নিয়ে ভারতের সঙ্গে কোনো চুক্তি বাস্তবায়ন করা সম্ভব হবে না।অপরদিকে আওয়ামী লীগ মনে করছে, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় দিক থেকে চট্টগ্রামের গুরুত্ব আছে। এ বি এম মহিউদ্দিন চৌধুরী বিজয়ী হলে চট্টগ্রামকেন্দ্রিক রাষ্ট্রীয় সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হবে।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ দাবি করেন, দেশীয় ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে চট্টগ্রামে মহিউদ্দিন চৌধুরীর বিকল্প নেই। এ ধরনের কাজে বিএনপি সমর্থিত প্রার্থীর যোগ্যতার অভাব রয়েছে। অযথা ভারতবিরোধিতার মাধ্যমে বিএনপি বন্দর থেকে অর্থনৈতিক সুবিধাপ্রাপ্তির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে চাইছে।