হলফনামায় তথ্য গোপনসংক্রান্ত মামলা খারিজের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলমের করা আবেদনের ওপর আদালতে আপত্তি দিয়েছেন মোফাজ্জল হোসেন ভূঁইয়া। তিনি গত ১৭ জুন অনুষ্ঠিত সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন। আজ বৃহস্পতিবার তিনি এ আপত্তি দেন।নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ গোলাম ফারুকের আদালতে এ মামলার কার্যক্রম চলছে। আদালত মোফাজ্জল হোসেনের এই আপত্তিসহ খারিজ আবেদনের ওপর আগামী ৫ অক্টোবর শুনানির দিন ধার্য করেছেন।সাবেক মেয়র ও নির্বাচনে মন্জুর আলমের প্রধান প্রতিদ্বন্দ্বী এ বি এম মহিউদ্দিন চৌধুরী গত ১৮ জুলাই মামলাটি করেন। মন্জুর ১৭ আগস্ট মামলাটি খারিজের আবেদন করেন। মামলায় মেয়র মন্জুরকে মূল বিবাদী এবং মোফাজ্জলসহ নির্বাচনে মেয়র পদের অপর ছয় প্রার্থীকেও বিবাদী করা হয়। মামলায় প্রধান নির্বাচন কমিশনারকে মোকাবিলা বিবাদী করা হয়।মেয়র মন্জুরের কৌঁসুলি শামসুদ্দীন আহম্মদ মির্জা এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, বাদী মহিউদ্দিন চৌধুরী ও বিবাদী মোফাজ্জল হোসেন ভূঁইয়ার বক্তব্য একই ধরনের। তাঁদের দুজনের মধ্যে যোগসাজশ আছে বলে মনে হচ্ছে।মহিউদ্দিন চৌধুরীর কৌঁসুলি ইফতেখার সাইমুল চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মামলার আরজিতে আমরা যে অভিযোগ দিয়েছি, সেগুলোর তথ্যপ্রমাণ আজ বৃহস্পতিবার আদালতে দাখিল করেছি। ৫ অক্টোবর পরবর্তী শুনানি হবে।’মামলায় অভিযোগ করা হয়, বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের করা মামলায় ১৭ লাখ ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা দেয় মন্জুর আলমের প্রতিষ্ঠান। এ বিষয়টি তিনি হলফনামায় উল্লেখ করেননি।