চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ রংপুর অঞ্চলে ঝুঁকি বেশি
ভূতাত্ত্বিক কারণে দেশের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকম্প-ঝুঁকিতে আছে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ অঞ্চল। অতীতে যেসব বিধ্বংসী ভূমিকম্প বাংলাদেশকে আলোড়িত করেছে, তার সবগুলোরই উৎপত্তিস্থল ছিল দেশের বাইরের প্লেট বাউন্ডারি-চ্যুতি এবং দেশের মধ্যে ডাউকি ও মধুপুর-চ্যুতি। চারটি অঞ্চল এসব চ্যুতির কাছে অবস্থান করছে। ভূতত্ত্ববিদ ও ভূমিকম্পের গবেষকদের অভিমত, ওই চ্যুতিগুলো দেশের উপরিউক্ত অঞ্চলগুলোর সন্নিহিত হওয়ায় সেখানে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি বেশি। তবে ‘টাইম প্রেডিক্টেবল ফল্ট মডেলিং ফর সাইসমিক হ্যাজার্ড অ্যান্ড ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট’ শীর্ষক সাম্প্রতিক গবেষণার তথ্য অনুযায়ী, ওই চ্যুতিগুলো থেকে অদূরভবিষ্যতে বিধ্বংসী কোনো ভূমিকম্প সৃষ্টি হওয়ার আশঙ্কা তুলনামূলকভাবে কম।তবে গবেষকেরা বলছেন, চ্যুতিগুলো থেকে বিধ্বংসী ভূমিকম্প শিগগিরই সৃষ্টি হবে না ভেবে নিশ্চিন্তে বসে থাকার সুযোগ নেই। কারণ, ওই চ্যুতিগুলোতে সৃষ্ট দুটি বিধ্বংসী ভূমিকম্পের মধ্যবর্তী যেকোনো সময় মাঝারি মাত্রার (রিখটার স্কেলে ছয় মাত্রা পর্যন্ত) ভূমিকম্প হতে পারে। এই মাঝারি মাত্রার ভূমিকম্প চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ অঞ্চলের জন্য বড় ধরনের ক্ষয়ক্ষতির কারণ হবে। তাঁরা আরও বলছেন, ঝুঁকিপূর্ণ ওই সব অঞ্চলে ভূমিকম্প-সহিষ্ণু মানসম্পন্ন বাড়িঘর ও অবকাঠামো নির্মাণ এবং ভূমিকম্পের সময় ও পরে করণীয় সম্পর্কে জনসচেতনতা এই ক্ষয়ক্ষতি অনেক কমিয়ে আনতে পারে।বিশিষ্ট ভূমিকম্প গবেষক, দেশের সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি) জাতীয় বিশেষজ্ঞ এ এস এম মাকসুদ কামাল বলেন, পৃথিবীতে ১০ বছরে যে কয়টি বিধ্বংসী ভূমিকম্প হয়েছে তার মধ্যে ২০০১ সালে ভারতে, ২০০৫ সালে পাকিস্তানে, ২০০৮ সালে চীনে এবং এ বছর হাইতির ভূমিকম্প উল্লেখযোগ্য। পর্যালোচনা করে দেখা গেছে, এসব ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে অপরিকল্পিত নগরায়ণ, আইন ও নীতিমালা না মেনে নিম্নমানের বাড়িঘর ও অবকাঠামো নির্মাণের কারণে। তিনি বলেন, একই কারণে বাংলাদেশের প্রধান শহরগুলোতেও ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হবে অনেক বেশি।দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে গত কয়েক বছরে সংঘটিত ছোট ছোট ভূমিকম্প বড় কোনো ভূমিকম্পের আলামত বলে মনে করেন কেউ কেউ। কিন্তু বিশেষজ্ঞরা এর কোনো তাত্ত্বিক কিংবা বাস্তব ভিত্তি খুঁজে পান না। কারণ, তাত্ত্বিকভাবে কোনো বিধ্বংসী ভূমিকম্পের জন্য বড় ধরনের ভূ-চ্যুতি থাকতে হবে। যে অঞ্চলে বড় কোনো চ্যুতি নেই, সেখানে একাধিক ছোট ভূমিকম্প হলেও তা বড় ভূমিকম্পের আলামত হতে পারে না। তা ছাড়া, এ পর্যন্ত পৃথিবীর নানা স্থানে সংঘটিত বিধ্বংসী কোনো ভূমিকম্পের আগে সেখানে ছোট ছোট ভূমিকম্প হয়েছে বলেও কোনো বাস্তব তথ্য পাওয়া যায় না। ভূমিকম্প গবেষক ও ভূতত্ত্ববিদেরা বলেন, চট্টগ্রাম অঞ্চলের জন্য বিপজ্জনক হচ্ছে প্লেট বাউন্ডারি ফল্ট-১। মধুপুর-চ্যুতিটি ঢাকার জন্য যতটা বিপজ্জনক তার চেয়ে অনেক বেশি বিপজ্জনক ময়মনসিংহ অঞ্চলের জন্য। ওই অঞ্চলের জন্য প্লেট বাউন্ডারি ফল্ট-২-এর ভূমিকম্পও কম বিপজ্জনক নয়। সিলেট অঞ্চলের জন্য বিপজ্জনক হচ্ছে ডাউকি-চ্যুতি ও প্লেট বাউন্ডারি ফল্ট-৩। রংপুর অঞ্চলের জন্যও ওই দুটি চ্যুতি বিপজ্জনক।কয়েকজন জাপানি বিশেষজ্ঞ মনে করেন, সৈয়দপুর এলাকায় চ্যুতি আছে। ১৮৯৭ সালের ভূমিকম্পে সৈয়দপুরে রেললাইন বাঁকা হয়ে গিয়েছিল। ওই চ্যুতি রংপুর অঞ্চলের জন্য বাড়তি বিপদের কারণ হতে পারে।