চট্টগ্রাম-১২ আসনে উপনির্বাচন ১৭ জানুয়ারি
জাতীয় সংসদের চট্টগ্রাম-১২ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ১৭ জানুয়ারি বৃহস্পতিবার। আজ রোববার এ তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২০ ডিসেম্বর বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাই হবে ২৩ ডিসেম্বর রোববার, প্রত্যাহারের শেষ সময় ৩১ ডিসেম্বর সোমবার।নির্বাচনের জন্য রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ আহাম্মদ খানকে। সহকারী রিটার্নিং কর্মকর্তা নিযুক্ত হয়েছেন চট্টগ্রামের জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম। সরকারি দলের সাংসদ আখতারুজ্জামান চৌধুরীর মৃত্যুর কারণে চট্টগ্রাম-১২ আসনটি শূন্য ঘোষিত হয়। কমিশনের তথ্য অনুযায়ী বর্তমানে এই আসনের সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ৯০টি, সম্ভাব্য ভোটকক্ষের সংখ্যা ৬১৫টি, ভোটারের সংখ্যা দুই লাখ ৫০ হাজার ৭৭১ জন।