চট্টগ্রামসহ পাঁচ জেলার পাহাড় রক্ষার নির্দেশ
চট্টগ্রাম শহর, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার বিদ্যমান পাহাড়গুলো রক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।একই সঙ্গে এখানে ভবিষ্যতে পাহাড় কাটার ক্ষেত্রে পরিবেশগত সমীক্ষা ও পরিবেশগত ছাড়পত্র বাধ্যতামূলক নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়। এর ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নিতেও বলা হয়েছে।আজ সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের চূড়ান্ত শুনানি নিয়ে এ রায় দেন।এই পাঁচ জেলায় অবৈধ ও অনিয়ন্ত্রিতভাবে পাহাড় ও টিলা কাটা রোধে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) গত বছরের ২৩ আগস্ট রিট করে। রিটে বলা হয়, অননুমোদিতভাবে ইমারত নির্মাণ আইন ১৯৫২, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ ১৯৫৯ এবং সময় সময় জারি করা পরিপত্র লঙ্ঘন করে এগুলো করা হচ্ছে। প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ২৩ আগস্ট রুল জারি করে। রুলে পাহাড় ও টিলাগুলো রক্ষায় কেন নির্দেশ দেওয়া হবে না, জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এবং জীববৈচিত্র্য রক্ষায় পাহাড়গুলো সংরক্ষণের নির্দেশ কেন দেওয়া হবে না—তা জানতে চাওয়া হয়।আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইকবাল কবীর এবং রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইয়াদিয়া জামান।