চট্টগ্রামে অগ্নিদগ্ধ সেই বাইকচালক মুসার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে হরতাল চলাকালে জামায়াত-শিবিরের কর্মীদের দেওয়া আগুনে দগ্ধ ইজিবাইকের চালক মোহাম্মদ মুসা গতকাল শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। গত ২৫ মার্চ নগরের রাহাত্তারপুল এলাকায় শিবিরের কর্মীরা মুসার ইজিবাইকে আগুন দেন। পরে তাঁর শরীরে পেট্রল ঢেলে আগুন দেন তাঁরা। এতে তাঁর শরীরের ৭৫ শতাংশ পুড়ে যায় বলে বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানিয়েছিলেন। অগ্নিদগ্ধ মুসাকে ২৫ মার্চ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ওই দিন বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বার্ন ইউনিটে তাঁর চিকিৎসা চলছিল। পরে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। মুসা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।মুসার চাচাতো ভাই আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ই গতকাল বিকেলে মুসা মারা যান। এ সময় সেখানে ছিলেন মুসার মা বিবি সখিনা, ছোট ভাই মোহাম্মদ হোসেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে আজ রোববার সন্ধ্যায় বা রাতে মুসার মরদেহ চট্টগ্রামে পৌঁছাতে পারে। মুসাকে বাঁচানোর জন্য চট্টগ্রামের রাজনৈতিক দল, পুলিশ প্রশাসন ও স্থানীয় লোকজন প্রায় দুই লাখ টাকা অনুদান দেন। আট ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।