চট্টগ্রামে অনুমতি পেয়েও সমাবেশ করেনি জামায়াত
রাজধানীতে সমাবেশ করতে না দেওয়ার অভিযোগে কাল বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অথচ অনুমতি পেয়েও চট্টগ্রামে আজ বুধবার কোনো সমাবেশ করেনি জামায়াত। তবে নগরের বিভিন্ন স্থানে কালকের হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছেন জামায়াতের নেতা-কর্মীরা। আজ বুধবার বেলা তিনটায় নগরের পুরাতন রেলস্টেশন চত্বরে জামায়াতকে শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি দেয় চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। জামায়াতের নেতাদের দাবি, শেষ মুহূর্তে অনুমতি পাওয়ায় এবং কেন্দ্র থেকে হরতাল ঘোষণা করায় সমাবেশ করা সম্ভব হয়নি। পুলিশ কর্মকর্তাদের দাবি, অনুমতি পাওয়ার পরও হরতালের সমর্থনে মিছিল ও প্রচারপত্র বিলি প্রমাণ করে সমাবেশের কোনো ইচ্ছাই জামায়াতের ছিল না। সিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘শর্ত সাপেক্ষে জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হলেও তারা সমাবেশ করেনি। কিন্তু অল্প সময়ের মধ্যেই হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে প্রচারপত্র বিলি করেছে। এতেই প্রমাণিত হয়, সমাবেশ নয়, হরতাল করাই ছিল তাদের উদ্দেশ্যে।’উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, জনদুর্ভোগ লাঘব ও দলের নেতাদের মুক্তির দাবিতে আজ সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে জামায়াত। চট্টগ্রামে মিছিল-সমাবেশ করতে দলটির পক্ষ থেকে লিখিত আবেদন করা হয়। এরপর আজ বুধবার দুপুরে সমাবেশের অনুমতি দেয় সিএমপি। এর প্রায় একই সময়ে সমাবেশের অনুমতি না দেওয়ার অজুহাতে ঢাকায় জামায়াতের কেন্দ্রীয় নেতারা সারা দেশে কাল সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন। সমাবেশের অনুমতি পাওয়ার পরপরই আজ দুপুরে নগরের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল শুরু করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এসব মিছিল থেকে হরতালের সমর্থনে প্রচারপত্রও বিলি করা হয়। আজ বেলা তিনটায় সমাবেশের নির্ধারিত স্থান চট্টগ্রাম পুরাতন রেলস্টেশন চত্বরে গিয়ে জামায়াতের কোনো নেতা-কর্মীর দেখা মেলেনি। তবে আগে থেকেই সেখানে পুলিশ মোতায়েন ছিল। সমাবেশ ও কর্মসূচি বিষয়ে জানতে দুপুর ১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নগর জামায়াতের একাধিক শীর্ষ নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। পরে সন্ধ্যা ছয়টার দিকে এ বিষয়ে নগর জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ প্রথম আলো ডটকমকে বলেন, ‘সাড়ে ১১টায় অনুমতি পাওয়ায় সমাবেশের প্রস্তুতি নিতে পারিনি।’চট্টগ্রামে সমাবেশের অনুমতির বিষয়টি দলের কেন্দ্রীয় নেতাদের জানানো হয় দাবি করে মোহাম্মদ উল্লাহ বলেন, ‘যেহেতু রাজধানীতে সমাবেশ করতে দেয়নি, তাই সারা দেশে হরতালের ঘোষণা দেওয়া হয়। তাই সমাবেশের অনুমতি পেলেও চট্টগ্রামকে হরতালের আওতামুক্ত রাখার কোনো সুযোগ ছিল না। হরতালের সমর্থনে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে নগরের ২৫টি স্থানে মিছিল করেছি।’