চট্টগ্রামে অভিভাবকদের দাবির মুখে প্রকাশ্যে ভর্তির লটারি
অভিভাবকদের দাবির মুখে আজ শনিবার চট্টগ্রামে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের নার্সারি শ্রেণীতে প্রকাশ্যে লটারির মাধ্যমে ছাত্রী ভর্তি করা হয়েছে। এর আগে অভিভাবকেরা তাঁদের উপস্থিতিতে লটারি করার দাবি জানান। কিন্তু কর্তৃপক্ষ নিয়ম নেই জানালে অভিভাবকেরা এর প্রতিবাদ জানান এবং দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত স্কুলের সামনের ওয়াসা মোড়ের রাস্তা অবরোধ করে রাখেন। অভিভাবকেরা জানান, ওই স্কুলের নার্সারি শ্রেণীতে ছাত্রী ভর্তির জন্য প্রথমে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এর মাধ্যমে প্রায় দুই হাজার ছাত্রীকে বাছাই করা হয়। এর মধ্য থেকে লটারির মাধ্যমে ২০০ ছাত্রীকে ওই স্কুলে ভর্তি করার উদ্যোগ নেওয়া হয়। অভিভাবকেরা এই লটারি তাঁদের সামনে করার দাবি জানান। স্কুল কর্তৃপক্ষ জানায়, আজ সকাল ১০টায় সাংবাদিক ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লটারি হওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকেই অভিভাবকেরা স্কুলের সামনে জড়ো হয়ে প্রকাশ্যে লটারি করার দাবি জানান। তাঁরা স্কুলে ঢুকতে চাইলে বাধা দেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষের দাবি, লটারির সময় অভিভাবকদের রাখার কোনো বিধান নেই। কিন্তু দেড়টার দিকে অভিভাবকদের উপস্থিতিতেই লটারি সম্পন্ন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, লটারি উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতের জন্য স্কুলের সামনে উপস্থিত পুলিশ অভিভাবকদের বাধা দেয়। এর প্রতিবাদে অভিভাবকেরা ওয়াসার মোড়ের সড়ক অবরোধ করেন। স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সামনে লটারি করার ঘোষণা দিলে দেড়টার দিকে তাঁরা অবরোধ তুলে নেন।প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারা বেগম অভিভাবকদের উপস্থিতিতে লটারির মাধ্যমে নার্সারিতে ছাত্রী ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।