আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনার ১০ দিন পরই চট্টগ্রাম নগরের দুই দলের নেতা-কর্মীদের মধ্যে বিরোধ রয়েই গেছে। ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষে গতকাল সোমবার দুই পক্ষ আলাদা সমাবেশ করেছে। নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা ঐক্যবদ্ধ জনসভার ডাক দিলেও তাতে যাননি বিরোধীরা। দলের উত্তর ও দক্ষিণ জেলার কোনো নেতাকেও তাঁদের সমাবেশে দেখা যায়নি।গতকাল বিকেলে মহিউদ্দিন-অনুসারীরা নগরের লালদীঘি মাঠে জনসভার আয়োজন করেন। অন্যদিকে নগর কমিটির সহসভাপতি সাংসদ নুরুল ইসলাম বিএসসি এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীনের অনুসারীরা দোস্ত বিল্ডিংয়ে সমাবেশ করেন।গত শনিবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞাপন প্রচার করে। এতে বলা হয়েছিল, ৭ মার্চ উপলক্ষে লালদীঘির মাঠের জনসভায় চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত থাকবেন।ঐক্যবদ্ধ সমাবেশের ডাক দিয়েও কেন তা শেষ পর্যন্ত একাংশের জনসভায় পরিণত হয়েছে তারও ব্যাখ্যা দেন নগর আওয়ামী লীগের প্রবীণ নেতা মুহাম্মদ ইসহাক মিয়া। জনসভায় তিনি বলেন, ‘আমি সমাবেশে আসার জন্য উত্তর জেলা সভাপতি মোশাররফ হোসেনের সঙ্গে দেখা করেছি। দক্ষিণ জেলা সভাপতি আখতারুজ্জামানকে ফোন করে আমন্ত্রণ জানিয়েছিলাম। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনও আসার কথা ছিল। ঢাকায় কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ায় তাঁরা বোধ হয় আসতে পারেননি।তবে দক্ষিণ জেলা আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ মার্চ উপলক্ষে তাঁরা মোমিন সড়কের মনিরুজ্জামান ইসলামাবাদী মেমোরিয়াল হলে আলোচনা সভার আয়োজন করেন। সাবেক গণপরিষদ সদস্য আবু ছালেহ এতে প্রধান অতিথি এবং দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন আহমদ প্রধান বক্তা ছিলেন।লালদীঘির জনসভায় নগর আওয়ামী লীগের সভায় সভাপতিত্ব করেন মহিউদ্দিন চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, আ জ ম নাছির উদ্দিন, নগর যুবলীগের সভাপতি চন্দন ধর প্রমুখ। বক্তারা মহিউদ্দিনবিরোধীদের ষড়যন্ত্রকারী আখ্যা দিয়ে বলেন, তাঁদের পরিণাম ভালো হবে না।মহিউদ্দিন চৌধুরী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘আওয়ামী লীগ নেতার সংগঠন নয়, মেহেনতি মানুষের সংগঠন। চট্টগ্রামের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হচ্ছে। বন্দরে শ্রমিকেরা চাকরি পাচ্ছে না। সব ক্ষেত্রে চট্টগ্রামবাসী বঞ্চিত হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’মহিউদ্দিন চৌধুরীর নিয়ন্ত্রণাধীন এমইএস কলেজ ও ইসলামিয়া কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে জনসভায় আসেন।অন্যদিকে নুরুল ইসলাম-আফছারুল আমীন অনুসারীদের জনসভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী। এতে বক্তৃতা করেন নগর কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান মো. আবদুচ ছালাম, মাহবুবুল হক মিয়া, শফিউল হাসান, সাবেক ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলেমান, জালালউদ্দিন, জামশেদুল আলম, বন্দর থানা কমিটির সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ প্রমুখ।বক্তারা নগর আওয়ামী লীগের ঐক্য-প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী যে তিন নেতাকে দায়িত্ব দিয়েছেন, সেই তালিকা থেকে ইসহাক মিয়ার নাম বাদ দেওয়ার দাবি জানান। তাঁরা বলেন, তিনি লালদীঘির জনসভায় হাজির হয়ে প্রমাণ করেছেন, ঐক্য নয়, তিনি মহিউদ্দিনের পক্ষেই অবস্থান নিয়েছেন। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী ঐক্য-প্রক্রিয়ার জন্য আখতারুজ্জামান চৌধুরী, মোশাররফ হোসেন ও ইসহাক মিয়াকে দায়িত্ব দেন।