চট্টগ্রামে আ.লীগের কর্মিসভায় হট্টগোল, তড়িঘড়ি শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আওয়ামী লীগের কর্মিসভার শুরু থেকেই পাল্টাপাল্টি স্লোগান চলতে থাকে। কয়েক দফা দাঁড়িয়ে সভার প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন কর্মীদের শান্ত করার চেষ্টা করেন। এতেও স্লোগান বন্ধ না হলে তিনি উত্তেজিত হয়ে সভাস্থল ত্যাগ করার হুমকি দেন। স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত বিবদমান কর্মীদের উদ্দেশে বলেন, ‘তোমরা স্লোগান দিলে, বিশৃঙ্খলা সৃষ্টি করলে, আমি বক্তব্য বন্ধ করে চলে যাব। তোমরা যাদের পক্ষে স্লোগান দিচ্ছ, তাদের বিরুদ্ধে ঢাকা গিয়ে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করব।’ এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হলে সাহারা খাতুন সংক্ষেপে বক্তৃতা শেষ করেন। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের মুসলিম ইনস্টিটিউট হলে আওয়ামী লীগের কর্মিসভায় গিয়ে এমন দৃশ্য দেখা যায়। ভিশন-২০২১ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ যৌথভাবে এ কর্মিসভার আয়োজন করে। এতে নগর আওয়ামী লীগের দুই পক্ষের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম নগর আওয়ামী লীগে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বর্তমানে একাংশের নেতৃত্বে আছেন দলের নগর কমিটির সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। অন্য অংশের নেতৃত্ব দিচ্ছেন নগর কমিটির সহসভাপতি, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। সাংসদ নুরুল ইসলাম বিএসসি রয়েছেন মন্ত্রীর পক্ষে। তবে কর্মিসভায় নুরুল ইসলাম ছিলেন না।বেলা সাড়ে তিনটার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে সমাবেশ শুরুর সঙ্গে সঙ্গে শুরু হয় পাল্টাপাল্টি স্লোগান। ফলে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। স্লোগানের কারণে নেতাদের কারও বক্তৃতা শোনা যাচ্ছিল না। নগরের দুটি কলেজের শিক্ষার্থীরা মুসলিম ইনস্টিটিউটে অবস্থান নিয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করায় আওয়ামী লীগের বেশির ভাগ নেতা-কর্মী বাইরে চলে যান। এ অবস্থায় তড়িঘড়ি কর্মিসভা শেষ করা হয়। সভা শুরুর আগেই মঞ্চ ও মঞ্চের সামনে মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অবস্থান নেন। সমাবেশ শুরুর পর আফছারুল আমীনের অনুসারীরা মঞ্চের এক কোনায় এবং তিন সারি পেছনে অবস্থান নেন। আফছারুলের অনুসারীরা প্রথমে স্লোগান দেয়। এরপরই পাল্টা স্লোগান দেয় মহিউদ্দিনের অনুসারীরা। দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগানে নেতাদের বক্তৃতা হারিয়ে যায়। এ অবস্থায় সাংসদ আখতারুজ্জামান চৌধুরী ও মহিউদ্দিন চৌধুরী কয়েক দফা মাইক নিয়ে কর্মীদের শান্ত করার ব্যর্থ চেষ্টা চালান। তুমুল শোরগোলের মধ্যেই একে একে বক্তৃতা করেন সাংসদ মোশাররফ হোসেন, এ বি এম আবুল কাশেম, এম এ লতিফ, চেমন আরা তৈয়ব, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এ টি এম আমিনুল ইসলাম, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন আহমেদ, নগর কমিটির কাজী ইনামুল হক।বক্তৃতা শুরু করে স্লোগান ও বিশৃঙ্খলা দেখে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন খানিকটা ক্ষুব্ধ হন। তিনি বলেন, ‘ভেবেছিলাম, খালেদা জিয়ার ষড়যন্ত্র, সরকারের বিরুদ্ধে চক্রান্ত নিয়ে অনেক কথা বলব। কিন্তু আপনাদের কারণে কিছুই বলতে পারলাম না। আপনারা এভাবে স্লোগান দিলে সভা চলবে কীভাবে?’ এরপর তিনি বক্তৃতা অসমাপ্ত রেখেই মাইক ছাড়েন। বিশৃঙ্খলার মধ্যে বক্তৃতা দিতে ওঠেন সাহারা খাতুন। তিনি নেতা-কর্মীদের ব্যক্তির নামে স্লোগান বন্ধ করে শান্ত হওয়ার আহ্বান জানিয়ে পাঁচ মিনিট সময় চান। কিন্তু কেউ তাঁর কথা শুনছিলেন না। পরে মন্ত্রীর কড়া ধমকে পরিস্থিতি শান্ত হলে তিনি বক্তৃতা করেন। সাহারা খাতুন বলেন, ‘তোমরা (দুই পক্ষের কর্মী) হাততালি দিয়ে স্লোগান দিচ্ছ। তোমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করো কি না, আওয়ামী লীগের কর্মী কি না, সেটা নিয়ে আমার সন্দেহ হচ্ছে।’সাহারা ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘আপনাদের বিশৃঙ্খলা ও অনৈক্যের কারণে আমরা মেয়র পদে হেরেছি। তবু আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। ভবিষ্যতের জন্য ঐক্যবদ্ধ হোন। সংগঠনকে শক্তিশালী করুন, যাতে আর মেয়রের মতো হারতে না হয়।’সভার সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বলেন, মহিউদ্দিন ও আফছারুল আমীনের পক্ষে স্লোগান, পাল্টা স্লোগান দেওয়া হয়েছে। তাঁরা আওয়ামী লীগে আছেন বলে আজ বড় নেতা। দল তাঁদের বাদ দিলে তাঁরা ‘জিরো’ হয়ে যাবেন।