প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় বাইরে স্লোগান
চট্টগ্রামে আ.লীগের দুই পক্ষকে শিগগিরই ঢাকায় ডাকা হবে
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের সঙ্গে গতকাল শনিবার নির্ধারিত বৈঠক করতে পারেননি প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা। তবে দুপুরে সার্কিট হাউস প্রাঙ্গণে মেজবানের সময় কোন্দল নিরসনে শিগগিরই দুই পক্ষকে ঢাকায় ডাকা হবে বলে জানিয়েছেন তিনি। এ সময় সার্কিট হাউসের বাইরে দুই পক্ষের সমর্থকেরা পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন।দলীয় সূত্র জানায়, বিরোধ নিষ্পত্তির জন্য মেজবানের পর প্রধানমন্ত্রীর সার্কিট হাউসের সম্মেলনকক্ষে দুই পক্ষের নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করার কথা ছিল। মেজবানে প্রধানমন্ত্রী বলেন, সরকারি কাজে ব্যস্ততার কারণে এবার আলাদা করে বসা সম্ভব হয়নি বলে শেখ হাসিনা জানান। এ সময় তিনি ঢাকার বৈঠকের আগে বিবদমান দুই পক্ষের মধ্যে ঐক্যের প্রক্রিয়ায় দলের প্রবীণ নেতা সাবেক সাংসদ ইসহাক মিয়াকে সম্পৃক্ত করেন।এর আগে প্রবীণ দুই সাংসদ আখতারুজ্জামান চৌধুরী ও মোশাররফ হোসেনকে দুই পক্ষের মধ্যে দূরত্ব কমানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। ঢাকায় বৈঠকের আগ পর্যন্ত এখন তিন নেতা কাজ করবেন।গতকাল মেজবানে নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, সাংসদ নুরুল ইসলাম বিএসসি, ফজলে করিম চৌধুরী, নূরে আলম চৌধুরী, আবুল কাশেম মাস্টার, শামসুল হক চৌধুরী, চেমন আরা তৈয়বসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেড় শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা পরস্পরের বিরুদ্ধে কিছু করবেন না। এতে সংগঠন ক্ষতিগ্রস্ত হবে।’ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দলসমর্থিত প্রার্থীর ভরাডুবির দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিভেদের কারণে অতীতে আমাদের ক্ষতি হয়েছে। সেটা নিশ্চয়ই আপনারা টের পেয়েছেন।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘নগর আওয়ামী লীগে ভুল-বোঝাবুঝি আছে। সেটা ঢাকায় ডেকে নিরসন করা হবে। ঐক্য ছাড়া দল গতিশীল হয় না।’ তিনি বলেন, ‘আতাউর রহমান খান কায়সারের মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে।’উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নেওয়ার কথা বলেছিলাম। চট্টগ্রামে ফ্লাইওভার (উড়ালসেতু) নির্মাণ করা হচ্ছে। চট্টগ্রাম থেকে ঘুমধুম পর্যন্ত রেললাইন সম্প্রসারণ, কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন, চট্টগ্রামে নদী ও খাল-বিল খনন করে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করা হবে।’প্রধানমন্ত্রী চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে মহিলা মেডিকেল কলেজে রূপান্তরের বিষয়টি অনুমোদনের আশ্বাস দিয়ে বলেন, ‘আমার ডানে-বামে-সামনে বড় বড় ব্যবসায়ী আছেন। চাইলে আপনারাই এ ধরনের একটি হাসপাতাল বানাতে পারেন।’এর আগে প্রধানমন্ত্রী সার্কিট হাউস প্রাঙ্গণে পৌঁছালে নগর কমিটির সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী সূচনা বক্তৃতা করেন। পরে দলের উত্তর জেলার সভাপতি সাংসদ মোশাররফ হোসেন, দক্ষিণ জেলার সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বক্তৃতা করেন। মধ্যাহ্নভোজের মধ্যেই চলে বক্তৃতা।মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘নেত্রীর সিদ্ধান্ত আমরা অক্ষরে অক্ষরে পালন করব।’ সভা প্রসঙ্গে সাংসদ নুরুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম নগর আওয়ামী লীগকে শক্তিশালী করতে সবাইকে একত্রে কাজ করতে বলেছেন দলীয় প্রধান। শিগগিরই তিনি আমাদের ঢাকায় ডাকবেন। মোশাররফ, আকতারুজ্জামান ও ইসহাক মিয়াকে দুই পক্ষের দূরত্ব কমানোর দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকায় ডাকার পরই দুই পক্ষের দূরত্ব কমে যাবে বলে আমি আশা করছি।’স্লোগান ও পাল্টা স্লোগান: স্থানীয় নেতাদের সঙ্গে সভা করার সময় সার্কিট হাউসের মূল ফটকের সামনে মহিউদ্দিন চৌধুরী ও আফছারুল আমীন-নুরুল ইসলামের অনুসারীরা পাল্টাপাল্টি স্লোগান দেন। গতকাল দুপুর দুইটা থেকে ফটকের সামনে নেতা-কর্মীরা ভিড় করতে থাকেন। ওই সময় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেশ হিমশিম খেতে হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রীর বত্তৃদ্ধতার পর বিকেল সোয়া তিনটার দিকে ফটকের সামনে মহিউদ্দিন চৌধুরীর নামে স্লোগান শুরু হয়। এ সময় সার্কিট হাউস সড়কের ওপর দাঁড়ানো আরেক পক্ষ আফছারুল আমীনের নামে স্লোগান দিতে থাকে। আফছারুল আমীনের পক্ষে স্লোগান দিতে থাকা দুই যুবককে পুলিশ রাস্তা থেকে সরে যেতে বললে উত্তেজনা দেখা দেয়।