চট্টগ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৪
চট্টগ্রাম নগরে সমাবেশ করাকে কেন্দ্র করে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীনের পক্ষের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে আফছারুল আমীনের পক্ষের চার সদস্য আহত হয়েছে বলে জানা গেছে। আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে নগরের লালখান বাজার ইস্পাহানি মোড়ে এ ঘটনা ঘটে।জানা গেছে, মে দিবস উপলক্ষে মহিউদ্দিন চৌধুরী লালদীঘি মাঠে সমাবেশ ডাকে। এদিকে, একই সময়ে কাছাকাছি জায়গায় পুরাতন রেলস্টেশন চত্বরে সমাবেশ ডাকে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীনের পক্ষ। বেলা সাড়ে তিনটার দিকে মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে মহিউদ্দিন চৌধুরীর পক্ষ লালখান বাজারে আসে। এ সময় লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর এ এস কবির আহমেদের নেতৃত্বে আফছারুল আমীনের পক্ষ মহিউদ্দিন চৌধুরীর পক্ষকে ধাওয়া করে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আফছারুল আমীনের পক্ষের চারজন আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।