চট্টগ্রামে আগুন আতঙ্ক, আহত ৩০
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (সিইপিজেড) একটি পোশাক কারখানায় আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ৩০ শ্রমিক আহত হয়েছেন। আজ শনিবার সকাল নয়টার দিকে প্যাসিফিক জিনস ২০০০ লিমিটেড নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের বেপজা হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। একজন শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, প্যাসিফিক জিনস কারখানার একটি তলায় বৈদ্যুতিক গোলযোগ থেকে একটি বাতিতে আগুনের স্ফুলিঙ্গ দেখা দেয়। এতে শ্রমিকদের মধ্যে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় তাঁরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে একজনের ওপর আরেকজন পড়ে আহত হন। তবে শেষ পর্যন্ত কোনো অগ্নিকাণ্ড ঘটেনি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে কারখানায় আবার কাজ শুরু হয়। এই কারখানায় প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন।