চট্টগ্রামে আগুন আতঙ্কে ৪৫ জন পোশাকশ্রমিক আহত
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (সিইপিজেড) একটি পোশাক কারখানায় আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৪৫ জন শ্রমিক আহত হয়েছেন। গতকাল বুধবার সেকশন-৭ নামের একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। সূত্র জানায়, পোশাক কারখানাটির নিচতলার একটি মোটরে আগুন লাগলে সেই খবর দ্রুত বিভিন্ন তলায় কর্মরত শ্রমিকদের কাছে পৌঁছে যায়। পরে ছয়টি সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামার সময় শ্রমিকেরা আহত হন।পাঁচতলা কারখানা ভবনের প্রতি তলায় ৭৫০ জন করে শ্রমিক কাজ করেন বলে জানা গেছে। আহত ৪৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের মধ্যে কয়েকজন চিকিৎসা নিয়ে চলে যান। আহত শ্রমিকদের বেশির ভাগই নারী। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে আটটার দিকে আহত শ্রমিকদের হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে মাথায় আঘাত পাওয়া আটজনকে নিউরোসার্জারি বিভাগে এবং চারজনকে অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অন্যদের রাখা হয়েছে ক্যাজুয়ালটি ওয়ার্ডে। হাসপাতালে চিকিৎসাধীন পোশাকশ্রমিক জেসমিন বলেন, ‘সকাল আটটার দিকে হঠাৎ করে আগুন আগুন বলে কয়েকজন চিৎকার করে ওঠেন। এ সময় আমরা তিনতলা থেকে হুড়োহুড়ি করে নামতে থাকি। সবাই ওই সময় সিঁড়ি দিয়ে দৌঁড়ে নামছিলেন। আর একজনের ওপর একজন পড়ছিলেন।’ পুলিশ ও কারখানা সূত্র জানায়, ইপিজেডের ৪ নম্বর সড়কের সেকশন-৭ নামের কারখানাটির একটি ইউনিটের নিচতলায় মোটরে আগুন লাগে। আগুন তাৎক্ষণিকভাবে নিভিয়ে ফেলা হয়। কিন্তু ওই সময় কর্মীদের মধ্যে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে নামতে গিয়ে পোশাকশ্রমিকেরা আহত হন। কারখানাটির তিনতলার একটি ইউনিটের সুপারভাইজার জাকির হোসেন বলেন, ‘আগুন লাগার খবর শুনে আমরা সবাই বের হয়ে পড়ি। কিন্তু সিঁড়িতে এসে দেখি মানুষের ভিড়। তখন কার আগে কে নামবে—এই প্রতিযোগিতা শুরু হয়।’