চট্টগ্রামে আগুনে পুড়ে গেছে ঘর ও দোকানপাট
চট্টগ্রামের বন্দর এলাকায় নৌবাহিনী হাসপাতালের পশ্চিম পাশে আবু মোকাররম কলোনিতে আগুনে বসত-ঘর ও দোকানপাট পুড়ে গেছে। আজ মঙ্গলবার সকালে শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকা। এতে কেউ হতাহত হয়নি। তবে আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়ির সঙ্গে মিনিবাসের সংঘর্ষে চারজন আহত হওয়ার খবর পাওয়া যায়।ফায়ার সার্ভিসের সূত্রমতে, সকাল সাড়ে ১০টায় একটি ঘরে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ওই কলোনির ৪৪টি ব্যাচেলর কক্ষ এবং আসবাবপত্র ও ছয়টি সুতার দোকান পুড়ে যায়।এ ব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে কেউ হতাহত হয়নি। তবে আমাদের প্রথম পানিবাহী গাড়িটি ঘটনাস্থলে আসার পথে একটি মিনিবাস আমাদের সতর্কসংকেত অমান্য করলে দুর্ঘটনা ঘটে। এতে আমাদের দমকলের দুজন কর্মী ও মিনিবাসের দুজন আহত হয়।’চট্টগ্রাম বন্দর থানার উপপরিদর্শক (এসআই) হাসিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ হয়নি। তবে মিনিবাসটি থানায় আটক রাখা হয়েছে।