চট্টগ্রামে আগুনে পুড়ে গেছে তিনটি বাস, আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বহদ্দারহাট বাস টার্মিনালসংলগ্ন শাহ আমানত মোটর ওয়ার্কশপে আজ শুক্রবার সকালে এক অগ্নিকাণ্ডে সাতজন আহত হয়েছেন। এ সময় গ্যারেজটিতে থাকা দুটি বাস পুরোপুরি ও অপর একটি আংশিক পুড়ে গেছে। মেরামত করার সময় একটি বাসের গ্যাস-সিলিন্ডার থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।আহত সবাই বাসের সহকারী ও গ্যারেজের শ্রমিক। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তৌহিদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। এ প্রসঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিত্সক মো. খালেদ বলেন, ‘তৌহিদের শরীরের বেশির ভাগই পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। অন্যরা ১৫ থেকে ২০ শতাংশ দগ্ধ। আমরা সাধ্যমতো চিকিত্সা দিয়ে যাচ্ছি।’অন্য আহত ব্যক্তিরা হলেন মো. ইউসুফ, রুহুল আমিন, আলী হোসেন, মো. মাহফুজ, উত্তম ও আইয়ুব আলী। তাঁদের বয়স ২৫-৩০ বছরের মধ্যে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে বাস টার্মিনালসংলগ্ন বাবু মিস্ত্রির মালিকানাধীন ওই গ্যারেজে কক্সবাজার রুটের একটি বাস মেরামতের কাজ চলছিল। এ সময় হঠাত্ বাসটিতে আগুন ধরে যায়। এতে পাশে থাকা অপর একটি বাসেও আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায়। আরেকটি বাস আংশিক পুড়ে যায়।ফায়ার সার্ভিস জানায়, বাসের গ্যাস-সিলিন্ডার ছিদ্র হয়ে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়, তবে ক্ষয়ক্ষতি আরও বেশি বলে পুলিশ ও বাসের মালিকেরা দাবি করেছেন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।প্রসঙ্গত, গত বুধবার গভীর রাতে নগরের সদরঘাটে একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে ১৩টি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেল পুড়ে যায়।