পরিবারের সবাইকে হারিয়ে নির্বাক বাবুল
চট্টগ্রামে আগুনে পুড়ে চার সন্তানসহ মায়ের মৃত্যু
সারি করে রাখা পাঁচজনের লাশ। স্ত্রী ও চার সন্তানের পুড়ে যাওয়া লাশ দেখে যেন চিনতে পারছিলেন না রিকশাচালক বাবুল আক্তার মিয়া। এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি। নির্বাক বাবুল তাকিয়ে ছিলেন লাশগুলোর দিকে। একসময় অচেতন হয়ে পড়েন তিনি। পরে প্রতিবেশীদের শুশ্রূষায় উঠে বসেন। বাবুলের স্ত্রী রাজু আক্তার এবং চার সন্তান সাইফুল (১০), শরীফুল (৩), সাথীমণি (৫) ও সাত মাসের সাকিবুলকে কেড়ে নিয়েছে আগুন। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দন গ্রামে গত রোববার রাতের ওই আগুনে ঘরের ভেতর পুড়ে মারা যায় এই পাঁচজন। পুড়ে যায় বাবুলের দুই ভাইয়ের ঘরও। ফায়ার সার্ভিস সূত্র জানায়, রোববার রাত সাড়ে ১১টার দিকে বাবুলের ঘরে আগুন লাগে। রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সময় ঘরে বাবুলের স্ত্রী ও চার সন্তান ঘুমিয়ে ছিল। বাবুল বিকেলে ফটিকছড়ির মাইজভাণ্ডার শরিফে গিয়েছিলেন। মুহূর্তে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ায় তারা কেউ ঘর থেকে বের হতে পারেনি। প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। তারা জানত না ঘরে কেউ আছে। ঘরেই পাঁচজন পুড়ে মারা যায়। আগুন নেভানোর পর তাদের লাশ উদ্ধার করা হয়।ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাবুলের বেড়া ও টিনের ঘর এবং তাঁর ভাই আলী আহমদ ও শক্কুর আলীর ঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে বাবুল রাত তিনটার দিকে বাড়ি ফিরে পরিবারের সবার লাশ দেখে নির্বাক হয়ে যান। কান্নার ভাষাও হারিয়ে ফেলেন তিনি। পাড়া-প্রতিবেশী যারা ওই বাড়ি এসেছে, তাদের কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি। ঘটনার প্রত্যক্ষদর্শী হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, ‘আগুন থেকে বাঁচানোর জন্য সাকিব ও শরীফুলকে তাদের মা বুকে আগলে রেখেছিলেন। তাঁর বুকের নিচ থেকে এই দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। অপর দুই সন্তানের লাশও পাওয়া যায় মাকে জড়ানো অবস্থায়।’ তিনি বলেন, এলাকাবাসী প্রথমে আগুন নেভাতে এগিয়ে আসে। তবে তারা জানত না যে ঘরে লোক আছে।গতকাল সোমবার দুপুরে রাজু আক্তার ও তাঁর চার সন্তানের লাশ দাফন করা হয়। এ ঘটনায় হাটহাজারী থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।