চট্টগ্রামে আগুনে পুড়েছে গুদাম ও বসত ঘর
চট্টগ্রামের বায়েজিদ ও ফিরিঙ্গীবাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় একটি পোশাকশিল্প কারখানার গুদাম, কাঠের দোকান ও বসত ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৭৫ লাখ টাকার ক্ষতি হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল রাত নয়টা ১০ মিনিটের দিকে বায়েজিদ এলাকায় মেজর (অব.) আবদুল মান্নানের মালিকানাধীন সানম্যান গ্রুপের গুদামে আগুন লাগে। এতে গুদামের ভেতরে থাকা ফেব্রিক্স, বোতাম, কেবল ইত্যাদি সামগ্রী পুড়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।অপরদিকে, গতকাল রাত সাড়ে ১২টার দিকে ফিরিঙ্গীবাজার অভয় মিত্র ঘাট এলাকায় ১২টি কাঠের দোকান ও দুই কক্ষের আধা পাকা একটি বসত ঘর পুড়ে যায়। এতে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে। সেখানেও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আবদুল মান্নান প্রথম আলোকে জানান, ‘বায়েজিদে আমাদের দুইটি ইউনিটের পাঁচটি এবং ফিরিঙ্গীবাজরে তিনটি ইউনিটের আটটি অগ্নিনির্বাপণ গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’ ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনি কিছু বলেননি।