চট্টগ্রামে আগুনে ১২৮ ঘর ভস্মীভূত
চট্টগ্রাম নগরে পৃথক দুটি অগ্নিকাণ্ডে ১২৮টি ঘর পুড়ে গেছে। আজ বুধবার সকালে নগরের কাজীর দেউড়ির কাজীপাড়ার শাহজাহান কলোনি ও আগ্রাবাদের সুপারিওয়ালাপাড়ার বাদশা মিয়া কলোনিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কাজীর দেউড়ির আগুনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বেশির ভাগই নির্মাণশ্রমিক। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন আগুন লাগার কথা নিশ্চিত করে জানান, দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক ঘর পুড়ে গেছে। আগ্রাবাদে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কাজীর দেউড়ির ক্ষতির বিষয়ে তদন্ত চলছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কাজীর দেউড়ি এলাকার কাজীপাড়ার শাহজাহান কলোনিতে সকাল ১০টার দিকে আগুন লাগে। রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি অংশ নেয়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। এই কলোনিতে ৬৩টি ঘর রয়েছে। এ ছাড়াও এই অগ্নিকাণ্ডে শাহজাহান কলোনির পাশের বশর কলোনির ১২টি ও ছিদ্দিক কলোনির পাঁচটি ঘর পুড়ে গেছে। আগুনে ২৫ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হবে বলে দাবি করেছেন শাহজাহান কলোনির তত্ত্বাবধায়ক। ঘরগুলো বাঁশের বেড়া ও টিন দিয়ে তৈরি বলে তিনি জানান। এদিকে সকাল সাড়ে আটটার দিকে নগরের আগ্রাবাদের সুপারিওয়ালাপাড়ায় বাদশা মিয়া কলোনিতে আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসাকিট থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। কলোনির ঘরগুলো বেড়া দিয়ে তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কলোনিটির ৩৪টি বেড়ার ও ১৪টি আধাপাকা ঘর পুড়ে গেছে। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয় বলে ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানিয়েছে। ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মো. আলী জানান, আগুনে কলোনিটির ৪৮টি ঘর পুড়ে গেছে। এতে ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।