চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ ১২ জন আটক
চট্টগ্রামের ডবলমুরিং থানার মিস্ত্রিপাড়ার একটি মেস থেকে গতকাল রোববার রাতে সাতটি আগ্নেয়াস্ত্রসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। অস্ত্রগুলোর মধ্যে রয়েছে রিভলবার, শর্টগান ও এলজি। এ সময় তাদের কাছ থেকে ৩৭টি গুলি, আধা কেজি গান পাউডার, বোমা তৈরির সরঞ্জাম ও প্রচুর জিহাদি বই উদ্ধার করা হয়। গতকাল দিবাগত রাত সোয়া একটা থেকে আজ সোমবার সকাল সাতটা পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ এসব উদ্ধার করে। ডবলমুরিং থানার সহকারী পুলিশ কমিশনার তানভীর আরাফাত এই অভিযানে নেতৃত্ব দেন।পুলিশ জানায়, মেসের মালিক চিকিত্সক একরামুল হকসহ আটককৃত বাকি ১১ জন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাদের মধ্যে চট্টগ্রাম কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর প্রথম স্থান অর্জনকারী একজন ছাত্র রয়েছে। ছাত্ররা ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত।এই মেসের মালিক চিকিত্সক একরামুল হক জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা যায়। তিনি এ বাড়ির তিনতলায় থাকেন। পুলিশ আটক শিক্ষার্থীদের ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।