চট্টগ্রামে আজ নোমানের সংবর্ধনা, যাচ্ছেন না আমীর খসরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নির্বাচিত হওয়ায় আবদুল্লাহ আল নোমানকে আজ শনিবার চট্টগ্রামে সংবর্ধনা দেওয়া হচ্ছে। আবদুল্লাহ আল নোমানের গণসংবর্ধনা প্রস্তুতি কমিটির ব্যানারে নগরের লালদীঘি মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সূত্র জানায়, গণসংবর্ধনা কমিটির ব্যানারে এ অনুষ্ঠান হলেও এর আয়োজক মূলত চট্টগ্রামে বিএনপির নোমান সমর্থক বলে পরিচিত অংশ। এ সংবর্ধনায় যোগ দিচ্ছে না মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর সমর্থক বলে পরিচিত অংশ।সংবর্ধনা সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে গতকাল বিকেলে নগরে মিছিল বের করা হয়। আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয় নাসিমন ভবনে নগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা এক প্রস্তুতি সভা করেন। তবে খসরু সমর্থক বলে পরিচিত নেতা-কর্মীরা ওই বৈঠকে ছিলেন না। এ ছাড়া সংবর্ধনা সফল করতে গত বৃহস্পতিবার থেকে মাইকে প্রচার চালানো হচ্ছে। দেয়ালে সাঁটানো হয়েছে নোমানের ছবিসহ পোস্টার। নোমান ছাড়াও চট্টগ্রামের আরেক নেতা এম মোরশেদ খান কেন্দ্রীয় কমিটির দুই নম্বর ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।জানা গেছে, বিএনপির নতুন কেন্দ্রীয় কমিটির সাত নম্বর ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে সংবর্ধনার আয়োজক প্রস্তুতি কমিটির ঠিকানা দেওয়া হয়েছে চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলা বিএনপির কার্যালয় নাসিমন ভবন। গণসংবর্ধনা প্রস্তুতি কমিটির আহ্বায়ক হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক অধ্যাপক সিদ্দিক আহমেদ চৌধুরী। নোমান সমর্থক বলে পরিচিত মহানগর বিএনপির নেতা এম এ সবুর প্রথম আলোকে বলেন, ‘সংবর্ধনাকে কেন্দ্র করে আসলে বড় জনসভা হবে। অনেক দিন লালদীঘি মাঠে বিএনপির বড় কোনো জনসভা হচ্ছে না। দলকে চাঙ্গা রাখতে আমরা এটা করছি।’ দলের মহানগর সভাপতি ও সাধারণ সম্পাদক এ অনুষ্ঠানে আসবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা দাওয়াত দিয়েছি, কে আসবেন কে আসবেন না, তা বলতে পারব না।’ এ প্রসঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এটা নগর বিএনপির সংবর্ধনা নয়। ব্যক্তিগতভাবে যে কেউ সংবর্ধনা দিতে-নিতে পারেন। সেখানে আমি যাব কেন?’ তিনি বলেন, ‘আমাকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা করা হয়েছে, এটাও দলের ভাইস-চেয়ারম্যান পদমর্যাদার। লোকজন চাপাচাপি করলেও আমি তো সংবর্ধনা নিচ্ছি না।’নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বৃহস্পতিবার বলেন, ‘আজ পর্যন্ত দাওয়াত পাইনি। ভালোভাবে দাওয়াত করলে সংবর্ধনায় যেতে আমার আপত্তি নেই।’সূত্র জানায়, খসরুর সমর্থকেরাও আজকের সংবর্ধনায় যোগ দিচ্ছেন না। নগর বিএনপি ১১ জানুয়ারি (সোমবার) লালদীঘি মাঠে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জনসভা আহ্বান করেছে। ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির দিনকে এবার কালো দিবস হিসেবে পালন করছে বিএনপি।