চট্টগ্রামে আজ বামবার কনসার্ট
জীবনের সব ক্ষেত্রে নারীর প্রতি সহিংসতাকে ‘না’ বলতে আজ শনিবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে কনসার্ট আয়োজন করা হয়েছে। যৌথভাবে এই কনসার্ট আয়োজন করেছে ইউএনএফপিএ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিউজিক্যাল ব্যান্ডস (বামবা)। ‘নারীর প্রতি সহিংসতাকে না বলুন: সত্যিকার পুরুষ হোন’ স্লোগান নিয়ে আয়োজিত এই কনসার্টে অংশ নিচ্ছে এলআরবি, নগর বাউল, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, পেন্টাগন, অর্থহীন, প্রমিথিউস, আর্টসেল, ক্রিপটিক ফেইট, ব্ল্যাক, নেমেসিস, পাওয়ার সার্জ ও বেদুইন।এ কনসার্টের জন্য একটি শিরোনাম সংগীত তৈরি করেছেন আইয়ুব বাচ্চু। ‘নারী আমাদের মা-বোন, নারী আমাদের জীবন’ গানটি যৌথভাবে লিখেছেন আসমা, মারুফ ও আফসানা। সুর ও সংগীতায়োজন করেছেন আইয়ুব বাচ্চু। গানটিতে কণ্ঠ দিয়েছেন ক্রিপটিক ফেইটের শাকিব, নেমেসিসের জোয়াদ ও পাওয়ার সার্জের জামশেদ। আইয়ুব বাচ্চু বলেন, ‘নারীর প্রতি সহিংসতা নিয়ে ইউএনএফপিএ যেভাবে কাজ করছে, সেখানে এই গানটি বামবার পক্ষ থেকে তাদের একটি উপহার। গত সোমবার থেকে বিভিন্ন এফএম রেডিওতে গানটি প্রচারিত হচ্ছে। এটি প্রগ্রেসিভ রক ঘরানার গান।’তিনি আরও বলেন, ‘নারী কোনোভাবেই যাতে নির্যাতনের শিকার না হয়, চট্টগ্রামের কনসার্টে সেই আহ্বান জানানো হবে।’বামবার সভাপতি হামিন আহমেদ বলেন, ‘নারীর প্রতি অবমাননা ও নির্যাতন করা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এ ধরনের কনসার্টের মাধ্যমে সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে।’ কনসার্ট শুরু হবে দুপুর দুইটায়। টিকিটের দাম ১৫০ টাকা।পুরো কনসার্টটি সরাসরি প্রচার করবে এনটিভি।