চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হচ্ছে আজ বৃহস্পতিবার। কে হবেন দেশের দ্বিতীয় প্রধান এই সিটি করপোরেশনের মেয়র, তা নির্ধারণ করবে প্রায় ১৭ লাখ ভোটার। তবে মেয়র পদে প্রধান দুই প্রার্থীর ভাগ্য অনেকটাই নির্ভর করছে মোট ভোটারের প্রায় এক-তৃতীয়াংশ, পাঁচ লাখ তরুণ ভোটারের ওপর। এ নির্বাচনে সব জল্পনা-কল্পনা মেয়র পদ নিয়ে। এ পদে মূল প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী আওয়ামী লীগ-সমর্থিত এ বি এম মহিউদ্দিন চৌধুরী (জাহাজ মার্কা) আর বিএনপি-সমর্থিত মোহাম্মদ মন্জুর আলম (আনারস মার্কা)।স্থানীয় রাজনীতিক ও বিশ্লেষকদের মতে, তরুণ বা নতুন ভোটাররা এ নির্বাচনের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখবেন। তবে কোন প্রার্থীর প্রতি এঁদের সমর্থন, তা ভোটের আগ পর্যন্ত স্পষ্ট হয়নি। কারণ তরুণদের উজ্জীবিত করবে, তাঁদের ভেতর নতুন স্বপ্ন জাগিয়ে তুলতে পারে, এমন কোনো কর্মসূচি প্রধান দুই প্রার্থীর কেউ দিতে পারেননি। প্রার্থীরাও এঁদের নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। নারীনেত্রী ও লেখিকা বেগম মুশতারী শফি বলেন, তরুণেরা ইতিবাচক কিছু চায়। অনেকে পরিবর্তন চায়, এটাও ঠিক। কিন্তু পরিবর্তনকামীরা হোঁচট খেয়েছেন। কারণ ব্যক্তিগতভাবে মন্জুর আলম ভালো মানুষ হলেও জামায়াতের সমর্থনের কারণে তাঁর প্রতি প্রগতিশীল ও তরুণেরা আগ্রহ নিয়ে এগোতে পারেনি। সরকারি সিটি কলেজের ছাত্রী নাসরিন জাহান বললেন, একটা পরিবর্তন দরকার ছিল। কিন্তু যিনি পরিবর্তনের কথা বলছেন, তিনি কী পরিবর্তন করবেন, তা বলতে পারছেন না। দুই প্রার্থীর বক্তব্য একই রকম। তা ছাড়া জামায়াতকে সঙ্গে নিয়ে তো সেই কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। ভোটের যত হিসাব-নিকাশ: চট্টগ্রাম সিটি করপোরেশনে মোট ভোটার ১৬ লাখ ৮৮ হাজার ৬৭৬ জন। এর মধ্যে সংখ্যালঘু ও আদিবাসী ভোট আছে অন্তত তিন লাখ। ভোটের রাজনীতিতে এরা মহিউদ্দিন চৌধুরীর বড় পুঁজি বলে মনে করা হয়। যদিও নানা কারণে সংখ্যালঘু নেতাদের সঙ্গে মহিউদ্দিন চৌধুরীর মানসিক দূরত্ব সৃষ্টি হয়েছে। তবে আওয়ামী লীগের কেন্দ্র থেকে উদ্যোগ নিয়ে এবং খোদ প্রধানমন্ত্রী প্রভাবশালী একাধিক সংখ্যালঘু নেতার সঙ্গে ফোনে কথা বলায় সে দূরত্ব কমেছে বলে রাজনৈতিক মহল মনে করছে। তবে মন্জুর আলমের পক্ষেও সংখ্যালঘু ভোটের একটা অংশ যাবে বলে তাঁর লোকজনের বিশ্বাস। বিশেষ করে, আদিবাসী ভোটের ব্যাপারে মন্জুর বেশি আশাবাদী। আদিবাসী ভোট আছে প্রায় ৩০ হাজার। মহিউদ্দিন চৌধুরীর লোকজনের বিশ্বাস, সংখ্যালঘুদের একাংশের মহিউদ্দিনের ওপর ক্ষোভ থাকলেও জামায়াতকে মাথায় নিয়ে এঁরা মত পরিবর্তন করবেন। বৃহত্তর নোয়াখালী, কুমিল্লা ও বরিশালে আদি নিবাস, এমন ভোটারের সংখ্যাও প্রায় তিন লাখ বলে ধারণা করা হয়। এসব ভোটারের বড় একটা অংশ মহিউদ্দিন মেয়র হলে স্বস্তি পান। আবার এই ভোটারদের বেশির ভাগ জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোট দেন বলে প্রচার আছে। তাই এদের মধ্যে কট্টরপন্থী বিএনপি সমর্থকেরা মন্জুরকে ভোট দিতে পারেন বলে অনেকে মনে করেন। শিপিং কোম্পানির চাকুরে আবুল হাসনাত বলেন, তিনি মহিউদ্দিনকে ভোট দেবেন। কারণ মহিউদ্দিন সামাজিক মানুষ, দাওয়াত দিলে ছুটে যান। এটাই কি একমাত্র কারণ—জবাবে কিছুক্ষণ ভেবে হাসনাত বলেন, ‘ভারতে কংগ্রেস ক্ষমতায় গেলে সেখানকার মুসলমানেরা এবং আওয়ামী লীগ ক্ষমতায় গেলে এখানকার সংখ্যালঘুরা যেমন একটা স্বস্তি পান, ব্যাপারটা সে রকমই।’ হাসনাতের স্ত্রী শিল্পীর বাড়িও বৃহত্তর নোয়াখালীতে। শিল্পী ভোট দেবেন মন্জুরকে। কারণ বললেন, আওয়ামী লীগ তাঁর পছন্দের দল নয়। ‘ফ্লোটিং (ভাসমান) ভোটার এবার অনেক কমে গেছে’ বলে দাবি করেন বিএনপির নেতা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন। তিনি বলেন, ছবিযুক্ত ভোটার পরিচয়পত্র হওয়ায় অনেকেই নোয়াখালী-কুমিল্লা-বরিশালে নিজ গ্রামে গিয়ে ভোটার হয়েছেন। চট্টগ্রামে রিকশাচালক, হকার, শ্রমিক শ্রেণী বা নিম্ন আয়ের লোকজন মহিউদ্দিনের সমর্থক হিসেবে পরিচিত। এ শ্রেণীর ভোটার অন্তত দেড় লাখ। এঁরা মহিউদ্দিনের বড় শক্তি। এই শ্রেণীর প্রতি বেশি দরদ দেখাতে গিয়ে মহিউদ্দিন অনেক ক্ষেত্রে শিক্ষিত-মধ্যবিত্ত শ্রেণীর বিরাগভাজনও হয়েছেন। তিনি নগরে রিকশার লাইসেন্স ফি নেন না। ফলে রিকশা যানজটের বড় কারণ হলেও মহিউদ্দিন এ বিষয়ে উদাসীন। তারপর রাস্তা-ফুটপাত দখল করে থাকা হকারদের উচ্ছেদ করতে গেলে মহিউদ্দিন তাদের পক্ষে নামেন। বস্তিবাসীর বিয়ে, সামাজিক অনুষ্ঠান বা তাদের কেউ মারা যাওয়ার খবর পেলে ছুটে যান তিনি। এসব নানা কারণে এই শ্রেণীর বড় একটা অংশ মহিউদ্দিন-ভক্ত। কিন্তু এদের একটা অংশ নিজ নিজ জেলায় ভোটার হয়েছেন। আবার শিল্পশ্রমিকদের একটা অংশের এবং বাকলিয়া এলাকার শ্রমিক শ্রেণীর বড় একটা অংশের ভোট মন্জুর বাক্সে পড়বে বলে বিএনপি নেতারা মনে করছেন। স্থানীয় লোকজন জানান, জলাবদ্ধতার বড় দুর্ভোগের শিকার হন বাকলিয়ার শ্রমিক শ্রেণী। নির্বাচনের আগে ভারী বৃষ্টি হওয়ায়, জলাবদ্ধতাকে সাবেক মেয়র মহিউদ্দিনের ব্যর্থতার নজির হিসেবে তুলে ধরেছেন মন্জুর। অপর দিকে মৃদুভাষী মন্জুর সুনাম ভালো হিসেবে। কিন্তু বিএনপির একটা অংশ মন্জুরের জন্য কতটা আন্তরিক, তা নিয়ে প্রশ্ন আছে। চট্টগ্রামে বিএনপির প্রভাবশালী এক নেতা প্রথম আলোকে বলেছেন, বিএনপির প্রার্থী। কিন্তু কর্মীদের উজ্জীবিত করার লক্ষ্যে ওয়ার্ড পর্যায় তো দূরের কথা, নগরের ১১টি থানা কমিটিতে একটি কর্মিসভা পর্যন্ত করা হয়নি।নীরব মধ্যবিত্ত ভোটার: মহিউদ্দিন চৌধুরীর একাধিক ভোটব্যাংক থাকা সত্ত্বেও মন্জুর আলমকে নিয়ে বিএনপি আশাবাদী। দলটির কয়েকজন দায়িত্বশীল নেতা বলেন, ‘কট্টর বিএনপি ও জামায়াত সমর্থক ছাড়া মন্জুর নিজস্ব ভোটব্যাংক নেই। মূলত নেগেটিভ ভোটই হচ্ছে তাঁর মূল পুঁজি।’ নেগেটিভ ভোট বলতে দুর্ব্যবহার ও দাম্ভিক আচরণসহ নানা কারণে মহিউদ্দিনের ওপর বিরক্ত ভোটারদের বোঝানো হয়। এই শ্রেণী মধ্যবিত্ত ও শিক্ষিত সমাজ। এ অংশ অনেক দিন ধরে একটা পরিবর্তন চাইছে। এসব ভোট মন্জুরের বাক্সে পড়বে, এমন আশা বিএনপি নেতাদের। তবে মধ্যবিত্তের ভোট আসলে কোন দিকে যাবে, সেটা পরিষ্কার কোনো আলামত এবার দেখা যাচ্ছে না। আর বৃষ্টি হলে মধ্যবিত্তরা কেন্দ্রে যাবেন কি না, তা নিয়েও সংশয় আছে।তরুণদের ভাবনা: মহিউদ্দিন চৌধুরী ও মন্জুর আলমের নির্বাচনী ইশতেহারে তরুণদের উৎসাহী করার মতো কিছুই নেই। প্রচার-প্রচারণায়ও আলাদাভাবে তরুণদের উজ্জীবিত করতে পারে, এমন কোনো বক্তব্য আসেনি। ফলে নির্বাচন ঘিরে তরুণদের মধ্যে উৎসাহ কম। নগরের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে। চট্টগ্রাম কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম বললেন, জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে, নেতাদের বক্তৃতায় তরুণদের মধ্যে স্বপ্ন তৈরি হয়েছিল। তেমনটা চট্টগ্রাম সিটি নির্বাচনে নেই। ভোট দেবেন কি না—এ প্রশ্নের জবাবে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ছাত্রী সিনথিয়া নওরিন বললেন, ‘তেমন আগ্রহ পাচ্ছি না। দুই প্রার্থীর কারোর মধ্যেই এমন কোনো চমক নেই যে তাঁকে ভোট দেওয়াটা জরুরি।’চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইকবাল হোসেন ভোট দিতে যাবেন। তবে কাকে দেবেন, এ নিয়ে তিনি দ্বিধাদ্বন্দ্বে আছেন। তাঁর বিবেচনায় দুই মেয়র প্রার্থীই প্রাচীনপন্থী।অবশ্য ভিন্নমতও আছে। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র তাহসিন জিয়াদ বলছেন, নতুন কেউ এলেই যে রাতারাতি সব বদলে যাবে, এমনটা আশা করা যায় না। তবে পুরোনো যিনি আছেন তিনি যদি গুণগত পরিবর্তন আনেন, তাতে আপত্তি নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মাহবুবুল হক বলেন, এ নির্বাচনে ফলাফল নির্ধারণে তরুণ ভোটাররা গুরুত্বপূর্ণ। এরা স্বভাবতই পরিবর্তনকামী, নবযাত্রায় বিশ্বাসী। তারা স্বপ্নচারী ও দেশব্রতী। এ তরুণদের উদ্বুদ্ধ করতে রাজনীতিবিদেরা ব্যর্থ হয়েছেন। যার প্রতিফলন এ নির্বাচনের প্রার্থীদের মধ্যেও আছে। এ কারণে রাজনীতিবিমুখ বিরাট এই তরুণ সমাজের একটা অংশ ভোট দিতে আগ্রহ পাচ্ছে না। শেষ মুহূর্তে অনেক তরুণ কেন্দ্রে নাও যেতে পারেন বলে আশঙ্কা করছেন অনেকে। ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির টেলিযোগাযোগ প্রকৌশলের চতুর্থ সেমিস্টারের ছাত্র মোহাম্মদ সজিবউল্লাহ বলেন, কাউকেই তাঁর পছন্দ হচ্ছে না। তাই ভোট দিতে উৎসাহ পাচ্ছেন না। প্রত্যাশা ছিল একজন সৎ, আধুনিক ও মেধাসম্পন্ন নতুন নেতৃত্ব। প্রার্থী ঠিক করার ক্ষেত্রে বিভ্রান্ত তরুণদের একটা অংশ শেষ পর্যন্ত অভিভাবকদের পছন্দকে গুরুত্ব দিতে পারেন, এমনও বক্তব্য পাওয়া গেছে। ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির বিবিএ চতুর্থ সেমিস্টারের ছাত্রী ফারজানা ইসলাম বলছেন, প্রথমবারের মতো সিটি নির্বাচনে ভোট দিতে গিয়ে তিনি পরিবারের সদস্যদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবেন। কারণ তিনি দ্বিধায় আছেন। ছাত্র আসিফুর রহমানও পরিবারের অন্য সদস্যরা যাঁকে দেবেন, তাঁকেই তিনি ভোট দেবেন বলে জানান।