চট্টগ্রামে আজ ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার মহোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সেজেছে নানা রঙে। আজ মঙ্গলবার এখানে আয়োজন করা হয়েছে ‘মেরিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজ ২০১১’ প্রতিযোগিতার মহোৎসব। প্রতিযোগিতার তৃতীয় আসরে এখন পর্যন্ত টিকে আছে পায়েল, মুন্না, রাফি, রাহিন, নীলা ও মৌমিতা। তাদের মধ্য থেকে আজ যে প্রথম হবে, পুরস্কার হিসেবে সে পাচ্ছে পাঁচ লাখ টাকা। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার তিন লাখ ও দুই লাখ টাকা। সবার জন্য থাকছে ক্যামব্রিয়ান স্কুল ও কলেজে পড়াশোনার সুযোগ। থাকছে আরও অনেক পুরস্কার। অনুষ্ঠানে গান করবেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন ও মমতাজ। প্রতিযোগীদের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দেবেন খুরশীদ আলম, শাম্মী আখতার, সুবীর নন্দী, ফাহমিদা নবী, মনির খান ও রিজিয়া পারভীন। আরও থাকবে নতুন ও পুরোনো প্রতিযোগীদের গান। থাকবেন প্রতিযোগিতার দুই বিচারক ফেরদৌস আরা ও এস আই টুটুল। এবারের প্রতিযোগীরা মঞ্চে আসবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পানে চড়ে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন তানিশা।এই প্রতিযোগিতার পরিচালক ইজাজ খান স্বপন বলেন, ‘মাঠটি অনেক বড়। ছোটদের মনের মতো করে মাঠ ও মঞ্চ সাজিয়েছি। পুরো আয়োজনে চট্টগ্রামের ঐতিহ্যের একটা ছোঁয়া রাখার চেষ্টা করছি। আমন্ত্রিত ১১ হাজার অতিথির বসার ব্যবস্থা থাকছে মাঠের ভেতরে। আর গ্যালারিতেও প্রায় ৩৫ হাজার দর্শকের বসার ব্যবস্থা আছে। গ্যালারি সবার জন্য উন্মুক্ত থাকবে। দুই ঘণ্টা ২০ মিনিটের এই অনুষ্ঠান দেশে ও বিদেশের দর্শকেরা চ্যানেল আইতে সরাসরি দেখতে পাবেন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে।’ থাকছে মাঠের দর্শকদের আনন্দ দেওয়ার ব্যবস্থা। বিকেল চারটা থেকে অন্য একটি মঞ্চে গান করবেন ‘সেরা কণ্ঠ ও ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার শিল্পীরা। তাদের সঙ্গে থাকবেন চট্টগ্রামের স্থানীয় কয়েকজন শিল্পী।