চট্টগ্রামে আবারও পাহাড়ধস, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন বিশ্বকলোনি ট্যাংকি পাহাড় এলাকায় আজ রোববার ভোরে পাহাড়ধসে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে দুজন। দেড় মাসের মধ্যে চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো পাহাড়ধসের এ ঘটনা ঘটল। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন মোশারফ হোসেন বাপ্পী (২২) ও মোহাম্মদ জামাল (৪০)। তাঁরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। তাঁদের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আলাদীনগর গ্রামে। আহত ফখরুল (২২) ও তাঁর স্ত্রী সুমি আক্তারকে (২০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।এর আগে গত ১ জুলাই প্রচণ্ড বৃষ্টির মধ্যে বাটালি পাহাড়ের প্রতিরোধ-দেয়ালসহ ভূমিধসে ১৭ জন নিহত হয়েছিল। ওই ঘটনার পর নগরের ১২টি পাহাড়ের পাশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে অন্য জায়গায় পুনর্বাসনের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু তা বাস্তবায়িত হয়নি।খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. ওমর ফারুক বলেন, বিশ্বকলোনির ওই পাহাড়ের পাদদেশে বসবাসকারী পরিবারের সদস্যরা ঘুমে থাকা অবস্থায় সকাল ছয়টার দিকে মাটিচাপা পড়েন। এতে দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় একটি বাড়ির তিনটি কক্ষ বিধ্বস্ত হয়।ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধারকাজ চালিয়ে হতাহতদের উদ্ধার করেছেন। উদ্ধারকাজ শেষ হয়েছে।আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরিদ আহমেদ চৌধুরী বলেন, বিশ্বকলোনির এ পাহাড়ের মাটি কেটে গোড়ায় ঘর করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল ওই পরিবারগুলো। প্রসঙ্গত, গত ২ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত চট্টগ্রামে টানা বর্ষণ হয়। এ সময় মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি হয়েছে। কিন্তু গত কয়েক দিনে বৃষ্টিপাত হয়নি। যথেষ্ট রোদ ছিল। তার পরও পাহাড়ধসের এ ঘটনা ঘটল।