ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে চট্টগ্রামে আরও একজন স্কুলশিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি হলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচালনাধীন শহীদ নগর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক প্রণধীর দাস। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।এর আগে ৭ এপ্রিল একই অভিযোগে কৃষ্ণ কুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক সুমন কান্তি শীলকে সাময়িক বরখাস্ত করা হয়।প্রণধীর দাসকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করে সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা সরওয়ার ই আলম বলেন, সিটি করপোরেশন পরিচালিত ফতেয়াবাদ শৈলবালা বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক আশিষ রাহার বিরুদ্ধেও ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগের তদন্ত শুরু হয়েছে।সূত্র জানায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম সকালে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের তদন্তের বিষয়ে জানতে চান। তিনি ফাইলটিতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং বালিকা বিদ্যালয়গুলোতে মহিলা শিক্ষকের ব্যবস্থা করতে বলেন।মেয়র এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘যারা শিক্ষকতার মহান পেশাকে কলুষিত করছে, তাদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।’ প্রসঙ্গত, সিটি করপোরেশন পরিচালিত তিনটি বালিকা বিদ্যালয়ের তিন শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিয়ে গতকাল প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয়।জানা যায়, লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর এ এফ কবির আহমদ গতকাল শহীদনগর সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ে যান। অভিযুক্ত শিক্ষক যাতে বিদ্যালয়ে প্রবেশ না করেন, সে জন্য তিনি প্রধান শিক্ষককে সতর্ক করেন।