চট্টগ্রামে আহত ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) জুতার কারখানার আগুন নেভাতে গিয়ে গতকাল রোববার ফায়ার সার্ভিসের আহত কর্মী আবু সাঈদ চৌধুরী (৪০) আজ সোমবার সকালে মারা গেছেন। তাঁর বাড়ি নরসিংদী জেলায়।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল ভোরে সিইপিজেড এলাকার ৪ নম্বর সড়কে অবস্থিত পাপেলা শু ফ্যাক্টরি নামের একটি জুতার কারখানায় আগুন লাগে। আগুন নেভাতে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। সকাল সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কারখানার ভেতরে রাসায়নিক পদার্থ থাকায় আগুন তখনো পুরোপুরি নেভেনি। গতকাল সন্ধ্যায় আগুন নেভানোর চেষ্টার একপর্যায়ে দেয়ালচাপা পড়ে ফায়ার সার্ভিসের কর্মী আবু সাঈদ চৌধুরী গুরুতর আহত হন। এ ঘটনায় ফায়ার সার্ভিসের আরও তিনজন কর্মী আহত হন।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আজ সকালে আবু সাঈদ চৌধুরী মারা যান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকেও প্রথম আলো ডটকমকে একই তথ্য জানানো হয়। আহত বাকি তিনজন এখনো চিকিত্সাধীন। তবে তাঁরা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।