চট্টগ্রামে ইউনিপেটুইউর চার কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসাপ্রতিষ্ঠান ইউনিপেটুইউ লিমিটেডের চার কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বুধবার শুনানির পর চট্টগ্রাম আদালতের জ্যেষ্ঠ মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান এ আদেশ দেন।আদালত সূত্র জানায়, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চার আসামি হলেন জুয়েল, হামিদুল হক ওরফে মানিক, মাসুদুর রহমান ও মো. মোনতাসির হোসাইন। প্রথম দুজনের ঠিকানা পাঁচলাইশ থানার রমনা ট্রেড সেন্টারের সপ্তম তলা উল্লেখ আছে। মামলার আরজিতে অন্য দুজনের ঠিকানা দেওয়া নেই।নগরের চান্দগাঁও থানার আজাদ কলোনির বাসিন্দা নুরুল আবছার আনছারী দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৪৬৮, ৪৭১, ৫০৬ ও ৩৪ ধারায় গতকাল আদালতে এই মামলা করেন। গতকাল তাৎক্ষণিক শুনানির পর আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।বিচারক মোহাম্মদ মাহাবুবুর রহমান আদেশে বলেন, ‘অভিযোগকারীকে ১৮৯৮ সালের ২০০ ধারায় পরীক্ষা করা হলো। অভিযোগসংক্রান্ত দরখাস্ত, দাখিল করা নথিপত্র এবং আইনের সংশ্লিষ্ট বিধানসমূহ গভীরভাবে পর্যালোচনা করা হলো। আনীত অভিযোগে প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের সুস্পষ্ট ও সুনির্দিষ্ট উপাদান বিদ্যমান। অতএব অভিযোগের প্রাথমিক সত্যতা থাকায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৮৬০-এর ৪০৬, ৪২০ এবং তৎসহ ৩৪ ধারায় অপরাধ আমলে নেওয়া হলো। আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হোক।’বাদী নুরুল আবছার আরজিতে বলেন, গত বছরের ২৫ মে প্রথম আসামি জুয়েল নিজেকে ইউনিপেটুইউ লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের চেয়ারম্যান এবং দ্বিতীয় আসামি হামিদুল হক ওরফে মানিক নিজেকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পরিচয় দেন। এরপর প্রথম আসামি জুয়েল আশ্বাস দেন, ইউনিপেটুইউতে বিনিয়োগ করলে তিনগুণ টাকা পাওয়া যাবে এবং তা ১০ মাসে পর্যায়ক্রমে দেওয়া হবে। পৃথিবীর বিভিন্ন দেশে এই কোম্পানি ব্যবসা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশেও তারা বৈধ নিবন্ধন করে ব্যবসা শুরু করেছে। দ্বিতীয় আসামি হামিদুল হক এ সংক্রান্ত দলিলাদি বাদীর সামনে উপস্থাপন করে দেখান।আরজিতে আরও বলা হয়, আসামিদের কথায় সরল বিশ্বাসে গত ২৭ ডিসেম্বর প্রথম আসামি জুয়েলের হাতে ১০ লাখ টাকা এবং ২৯ ডিসেম্বর দ্বিতীয় আসামি হামিদুল হকের হাতে পাঁচ লাখ টাকা তুলে দেন নুরুল আবছার। টাকা দেওয়ার তারিখ থেকে এক মাসের মধ্যে বিনিয়োগের অর্থ ব্যাংক থেকে তোলা যাবে বলে আসামিরা প্রতিশ্রুতি দিয়েছিলেন।আরজিতে আরও বলা হয়, গত ৩০ জানুয়ারি বিনিয়োগের বিপরীতে টাকা তোলার জন্য বাদী মুরাদপুরের একটি ব্যাংকে যান। এর মধ্যে ৬ ফেব্রুয়ারি ইউনিপেটুইউর একটি আবেদন খারিজ হওয়ার পর আসামিরা বিনিয়োগের ১৫ লাখ টাকা আত্মসাৎ করে পালিয়ে যান। আসামিরা জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে আরও অনেকের টাকা আত্মসাৎ করে চট্টগ্রাম নগরে পাঁচতলা ভবন কেনেন।