চট্টগ্রামে ইউরিয়া সারবোঝাই জাহাজডুবি
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে গত রাত বুধবার ১০টার দিকে ৩৮০ মেট্রিক টন ইউরিয়া সারবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে যায়। তবে ডুবে যাওয়া ‘সি সম্রাট’ নামের জাহাজটির নয় নাবিকসহ ২৮ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেন, জাহাজটি ঠিক কোথায় ডুবেছে, তা শনাক্ত করতে ঘটনাস্থলে একটি জরিপদল কাজ করছে।বন্দর সূত্রে জানা গেছে, বহির্নোঙরে অবস্থানরত ‘কনস্টানটিনোস জি’ নামে একটি বড় জাহাজ থেকে সি সম্রাট ৩৮০ টন ইউরিয়া সার নিয়ে কর্ণফুলী নদীর জেটিতে ফিরছিল। পথে আগে থেকে ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষের সঙ্গে ধাক্কা লেগে সি সম্রাট প্রথমে কাত হয়ে পড়ে ও পরে ডুবে যায়।জাহাজের স্থানীয় প্রতিনিধি হামিদিয়া এন্টারপ্রাইজের কর্মকর্তা আবুবকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, জাহাজের সব নাবিককে উদ্ধার করা হয়েছে। খালাস শেষে জাহাজে করে ফিরে আসা শ্রমিকদেরও উদ্ধার করা হয়েছে বলে স্টিভিডোরিং প্রতিষ্ঠানটি জানিয়েছে।বন্দরের বেতার নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।