চট্টগ্রামে ঈদ উদযাপন, অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়
বিপুল আনন্দ-উচ্ছ্বাস, ত্যাগের মহিমা ও যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ শেষে প্রধান দুই দলের নেতারা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।চট্টগ্রাম নগরে এবার সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ২৪৯টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সিটি করপোরেশনের উদ্যোগে সকাল আটটায় ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে।এতে নামাজ আদায় করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, চট্টগ্রামের মেয়র এম মনজুর আলম, সুপ্রিম কোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ, নগর আওয়ামী লীগের সহসভাপতি ও সাংসদ নূরুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, বিএনপির নেতা মীর মো. নছিরউদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন আহমেদ, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত্ হোসেন, নগর জাতীয় পার্টির আহ্বায়ক সোলায়মান আলম শেঠ, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীসহ আরও বিভিন্ন সংগঠনের নেতারা, ব্যবসায়ী-শিল্পপতি ও সাধারণ মুসল্লিরা।চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী-শিল্পপতিসহ নগরের বিভিন্ন স্থান থেকে আসা কয়েক হাজার মুসল্লির সমাগম ঘটে এ জামাতে। সকাল নয়টায় অনুষ্ঠিত হয়েছে ঈদের দ্বিতীয় জামাত।নামাজ শেষে দেশ ও বিশ্বশান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মুসল্লিরা পরস্পরের প্রতি শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মন্ত্রী আফছারুল আমীন বলেন, ‘বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। এখানে ধর্মের নামে কোনো হানাহানি চলতে দেওয়া যায় না। আজকের ঈদে এই হোক আমাদের প্রত্যয়।’বিএনপির নেতা আবদুল্লাহ আল নোমান বলেন, ‘আমাদের মধ্যে রাজনৈতিক ভেদাভেদ থাকতে পারে। কিন্তু অসাম্প্রদায়িক কল্যাণমুখী রাষ্ট্র করার জন্য আমাদের লক্ষ্য অভিন্ন।’