চট্টগ্রামে ঈদের ছুটিতে সোনার দোকানে চুরি
চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের গোল্ডেন প্লাজা মার্কেটের নিচতলায় অবস্থিত ইউনিভার্সেল জুয়েলারি নামে একটি স্বর্ণের দোকানে চুরি হয়েছে। দোকানের মালিকের দাবি, দোকান থেকে প্রায় সোয়া দুই কোটি টাকার স্বর্ণালঙ্কার চুরি হয়েছে।ঈদের ছুটির পর আজ শনিবার সকালে দোকান খুলে এ চুরির ঘটনা প্রকাশ পায়। এ ঘটনার পর থেকে ওই মার্কেটের নিরাপত্তাপ্রহরী পলাতক আছেন বলে জানা গেছে।ইউনিভার্সেল জুয়েলারির মালিক সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ঈদের আগে ১০ সেপ্টেম্বর রাতে মার্কেট বন্ধ হয়। মার্কেটের নিরাপত্তার দায়িত্বে ছিলেন বাবুল। আজ সকালে মার্কেট খোলার পর গেটে তালাসহ সবকিছু স্বাভাবিক দেখতে পাই। তবে দোকানের শাটারের নিচের অংশ ফাঁকা ছিল। তালা খুলে দেখি, দোকানের সব তালা ভাঙা।’সিরাজুল ইসলামের দাবি, দুর্বৃত্তরা সিন্দুক ভেঙে ৬৮৫ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ পাঁচ লাখ ৩৫ হাজার টাকা নিয়ে গেছে।নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ঈদের বন্ধের মধ্যে এই চুরির ঘটনা ঘটতে পারে। তবে মার্কেট বন্ধ থাকলেও সেখানে কয়েকজন নিরাপত্তাপ্রহরী ছিল। গোল্ডেন প্লাজা মার্কেটের নিরাপত্তাপ্রহরী বাবুলকে পাওয়া গেলে ঘটনার রহস্য উদ্ঘাটন সহজ হবে। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও অপরাধী চক্রের সদস্যদের ধরতে পুলিশি অভিযান শুরু হয়েছে।