চট্টগ্রামে ঈদের দেড় সপ্তাহ আগেই বাসের টিকিট শেষ
ঈদের দেড় সপ্তাহ আগেই চট্টগ্রাম থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যাওয়ার বাসের টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। এ কারণে ঘরমুখো বহু মানুষ বিপাকে পড়েছে। জানা গেছে, সড়ক-মহাসড়কের দুরবস্থার কারণে অনেক পরিবহন মালিক এবার ঈদে তাঁদের কোনো বাড়তি গাড়ি রাস্তায় নামাচ্ছেন না। এতে মানুষের ভোগান্তি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিবহন মালিক সমিতি সূত্র জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলের রাজশাহী, রংপুর, বগুড়া, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, পঞ্চগড়, নওগাঁ এবং দক্ষিণের খুলনা, সাতক্ষীরা, বরিশাল প্রভৃতি জেলার সঙ্গে চট্টগ্রামের বাস সার্ভিস চালু রয়েছে। এসব জেলার ৭০-৮০টি রুটে প্রায় ৭০০ বাস চলাচল করে।চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আবুল কালাম আজাদ প্রথম আলোকে জানান, যাত্রী বাড়লেও গাড়ির সংখ্যা বাড়েনি। এ ছাড়া রাস্তার খানাখন্দের কারণে অনেকে তাঁদের ভালো গাড়ি ঈদের আগে নামাতে চাইছেন না। এ কারণে কোথাও আর বাসের টিকিট পাওয়া যাচ্ছে না। তিনি আরও বলেন, ‘আমরা ঈদের সময় অন্তত এক থেকে দেড় লাখ যাত্রী পরিবহন করে থাকি। এবার যাত্রী বাড়লেও গাড়ির সংখ্যা না বাড়ায় অনেককে সেবা দেওয়া সম্ভব হবে না।’ গতকাল সোমবার সকালে বিআরটিসি ও অলংকারমোড়ের বিভিন্ন বাস কাউন্টারে গিয়ে দেখা যায়, কোনো কাউন্টারেই তেমন যাত্রী নেই। নেই টিকিট কাটার দীর্ঘ লাইনও। অনেক যাত্রীকে টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে দেখা গেছে।১৭ আগস্ট উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের টিকিট বিক্রি শুরু হয়। চার দিনের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে কাউন্টারে দায়িত্ব পালনরত পরিবহন কর্মচারীরা জানান। বিআরটিসি টার্মিনালে সুমন আহমদ নামের এক যাত্রীর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘অলংকার থেকে বিআরটিসি পর্যন্ত সব কাউন্টারেই ঘুরে এসেছি। কিন্তু কোথাও টিকিট পাইনি।’ দিনাজপুরের যাত্রী নুরুল আলম বলেন, ‘কাউন্টারের অবস্থাই বলে দিচ্ছে, এবার আমাদের বাড়ি যাওয়া হবে না।’বিআরটিসি মার্কেটে শ্যামলী পরিবহনের কার্যালয়ে বসে অপেক্ষায় ছিলেন যাত্রী আকবর আলী। কাউন্টার থেকে তাঁকে ২৮ তারিখের টিকিট জোগাড় করে দেওয়ার কথা বলা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে কাউন্টারের এক কর্মচারী বলেন, ‘একজন যাত্রী টিকিট ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন। তা হাতে এলে ওনাকে দেওয়া হবে।’ অভিযোগ রয়েছে, ঈদ উপলক্ষে এসব রুটের বাস ভাড়া ২০০ থেকে আড়াই শ টাকা বাড়ানো হলেও যাত্রীদের কাছ থেকে নেওয়া হয়েছে বর্ধিত ভাড়ার চেয়েও এক শ-দেড় শ টাকা বেশি। যাত্রী আরিফ হোসেন বলেন, রাজশাহীর নিয়মিত ভাড়া ৬০০ টাকা। সরকারি ভাড়া হিসাবে কাউন্টারে টাঙানো তালিকায় ৮০০ টাকা উল্লেখ থাকলেও তার এক বন্ধুর কাছ থেকে ৯০০ টাকা আদায় করা হয়। আন্তজেলা পরিবহন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এ বছর সরকারি কিছু সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানে ২৫ তারিখ থেকে ছুটি ঘোষণা করায় ২৫ তারিখের পর থেকে ঈদ পর্যন্ত সব টিকিট আগাম বুকিং হয়ে যায়। এ প্রসঙ্গে বিআরটিসি বাস টার্মিনালের হানিফ কাউন্টার সার্ভিসের ব্যবস্থাপক এস এম রানা বলেন, ‘গত বছরও আমরা উত্তরবঙ্গের প্রতিটি জেলায় অন্তত একটি করে বাড়তি গাড়ি দিয়েছি। কিন্তু এ বছর ঈদ উপলক্ষে কোনো বিশেষ (স্পেশাল) গাড়ি দেওয়া সম্ভব হচ্ছে না। রাস্তার অবস্থা খুবই খারাপ।’ ঈগল, শ্যামলী, টি আর ট্রাভেলস, স্টার লাইন, শৌখিন প্রভৃতি কাউন্টারের লোকজনও একই কথা বলেছেন।