চট্টগ্রামে গতকাল সোমবার সকালে রেললাইনের ওপর থেকে উদ্ধার করা লাশটির পরিচয় জানা গেছে। তিনি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। এদিকে আজ মঙ্গলবারও ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যানবাহন অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছে।পুলিশ চট্টগ্রাম সেনানিবাস ও চৌধুরীহাটের মাঝামাঝি এক জায়গায় রেললাইনের ওপর থেকে যাঁর লাশ উদ্ধার করে, তাঁর নাম হারুনুর রশিদ কায়সার। তাঁর শরীরের দুটি স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। আজ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সভাপতি এস এম সালামতউল্লাহ ভূঁইয়া নিহত হারুনুর রশিদের গ্রামের বাড়ি মীরসরাইয়ের ভরদ্বারহাটে গেছেন। হারুনুর রশিদ বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলে থাকতেন। ছাত্রলীগের অবরোধের কারণে গতকাল সোমবার থেকে এখন পর্যন্ত চট্টগ্রাম শহর থেকে কোনো বাস বা ট্রেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেতে বা সেখান থেকে শহরে আসতে পারেনি। আজ সকালেও ছাত্রলীগের বাধার মুখে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে কোনো শাটল ট্রেন ছাড়েনি। গত রোববার স্থানীয় কয়েকজন যুবক ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতা জাহিদুল ইসলাম ওরফে জুয়েলকে বেধড়ক মারধর করে। ওই ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ এ অবরোধ কর্মসূচি শুরু করে। ফলে শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী—সবাই চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস হচ্ছে না। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো আজ অনুষ্ঠিত হতে পারে।এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জাহিদকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন।