চট্টগ্রামে উড়ালসেতু ধসের ঘটনায় রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বহদ্দারহাটে নির্মাণাধীন উড়ালসেতু (ফ্লাইওভার) নির্মাণে যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণে বিবাদীদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই উড়ালসেতুটি ভেঙে পড়ার ঘটনায় যথাযথ নিরাপত্তা ও ক্ষতিগ্রস্ত লোকজনকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে বিবাদীদের কারণ দর্শাতে বলেছেন আদালত। আজ রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিটের শুনানি নিয়ে এ রুল জারি করেন। একই সঙ্গে আদালতের আদেশের অনুলিপি পাওয়ার এক মাসের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করতেও বলা হয়েছে।উড়ালসেতুটি ভেঙে পড়ার ঘটনায় বিবাদীদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী রায়হানুল মোস্তফা গত ২৬ নভেম্বর হাইকোর্টে রিট আবেদনটি করেন। পরে রিটে দুটি সম্পূরক আবেদন যুক্ত করা হয়।আজ আদালতে আবেদনের ওপর শুনানি হয়। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সোয়েবউদ্দিন খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।রুলে ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত লোকজনকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি যথাযথ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে বহদ্দারহাটে নির্মাণাধীন ওই উড়ালসেতুর নির্মাণকাজ অভিজ্ঞ প্রকৌশলী দ্বারা তদারকির নির্দেশ কেন দেওয়া হবে না, তা-ও জানতে চেয়েছেন আদালত। এ ছাড়া নির্মাণকাজের সাপ্তাহিক পরিকল্পনা প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কেন দাখিল করা হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে। যোগাযোগসচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, চট্টগ্রামের জেলা প্রশাসক, ওই প্রকল্পের পরিচালকসহ ছয় বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে ।পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার প্রথম আলো ডটকমকে বলেন, নিরাপত্তা ও ক্ষতিপূরণসহ কী ব্যবস্থা নেওয়া হয়েছে, আদালতের আদেশ পাওয়ার এক মাসের মধ্যে তা প্রতিবেদন আকারে আদালতে দাখিল করতে বিবাদীদের বলা হয়েছে। তবে সোয়েবউদ্দিন খান জানান, আদালত চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন এবং রুলের বিষয়বস্তু সম্পর্কে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে-সংক্রান্ত প্রতিবেদন আদালতের আদেশ পাওয়ার এক মাসের মধ্যে দাখিল করতে বলেছেন।