চট্টগ্রামে উড়ালসড়কের গার্ডার ভেঙে নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট জংশনে গতকাল শনিবার সন্ধ্যায় নির্মাণাধীন একটি উড়ালসড়কের (ফ্লাইওভার) তিনটি গার্ডার নিচে ভেঙে পড়ে অনেক লোক হতাহত হয়েছে। দুটি গার্ডারের নিচে তিনজনের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা গেছে আরেকজন। আরেকটি গার্ডার পাশের একটি পুকুরে আছড়ে পড়েছে। সেটির নিচে আরও অনেকে চাপা পড়ে থাকতে পারে বলে প্রত্যক্ষদর্শীদের আশঙ্কা। ঘটনাস্থলে নিহত তিনজনের পরিচয় জানা যায়নি। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর মারা যাওয়া একজনের নাম সাহাবউদ্দিন (২০)। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা নির্মাণসামগ্রী পরিবহনের কাজে ব্যবহূত একটিসহ আটটি গাড়ি ও একটি জেনারেটর এবং ঠিকাদারের কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়। এর মধ্যে প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক হামিদউল্লাহর একটি মোটরসাইকেল রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বহদ্দারহাট পুলিশ বক্সেও অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের ডাকা হয়েছে। বহদ্দারহাট জংশনে দুর্ঘটনা এবং পরবর্তী হাঙ্গামা ও পাশের একটি কবরস্থানের দেয়াল ধসে আহত ২০ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত ব্যক্তিরা সবাই আশঙ্কামুক্ত। রাত ১০টায় পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবির পাহারায় দুটি ক্রেন এনে উদ্ধার অভিযান শুরু করা হয়। গতকাল দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে বিক্ষোভ করে। বিক্ষোভকারীদের মধ্যে জামায়াতের অনেক নেতা-কর্মীকে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তাঁরা এ সময় সরকার ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিরুদ্ধে স্লোগান দেন।পাঁচ মাস আগে গত ২৯ জুন চান্দগাঁও থানা ভবনের সামনে এ উড়ালসড়কের দুটি পিলারের মাঝামাঝি একটি গার্ডার ভেঙে পড়ে। ওই দিন জুমার নামাজের সময় দুর্ঘটনাটি ঘটে। রাস্তায় তখন মানুষের চলাচল কম ছিল। যোগাযোগের চেষ্টা করেও গতকাল সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম ও সিডিএর নির্বাহী প্রকৌশলী এ এ এম হাবিবুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি। নির্বাহী প্রকৌশলী বারবার মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। চট্টগ্রাম জেলা প্রশাসক আবদুল মান্নান দুর্ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে সাংবাদিকদের জানান। পরে হাসপাতালে মারা যান আরেকজন। প্রত্যক্ষদর্শী যান্ত্রিক কারিগর শামসুল আলম প্রথম আলোকে বলেন, ‘এশারের আজানের ধ্বনি ভেসে আসার সময় বহদ্দারহাট পুকুর পাড়ের অদূরে দুই পিলারের মাঝামাঝি তিনটি গার্ডার ভেঙে পড়ে। এ সময় বিকট শব্দ হয়। গার্ডার ভেঙে পড়ার আগ মুহূর্তে ওই জায়গায় ভাসমান তরকারিবিক্রেতা ও ক্রেতা মিলিয়ে আট-দশজন ও পুকুর পাড়ে আরও অনেকে আড্ডা দিচ্ছিলেন। আসলে তাঁদের ভাগ্যে কী ঘটেছে, তা আর বলতে পারছি না।’ সিডিএ সূত্র জানায়, ২০১০ সালের ডিসেম্বরে বহদ্দারহাট জংশনে উড়ালসড়কের নির্মাণকাজের প্রক্রিয়া শুরু হয়। মূল কাজ শুরু হয় ২০১১ সালের মার্চ থেকে। আগামী বছরের ফেব্রুয়ারিতে এটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে। উড়ালসড়কটির দৈর্ঘ্য ১ দশমিক ৩৩২ কিলোমিটার আর প্রস্থ ১৪ মিটার বা ৪৬ ফুট। প্রকল্পটি বাস্তবায়নে খরচ হচ্ছে ১০৬ কোটি টাকা।ঠিকাদারি প্রতিষ্ঠান মির আকতার-পারিসা (জেভি) উড়ালসড়কটি নির্মাণ করছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রাজ্জাকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় একজন প্রকৌশলী নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, ‘দুটি পিলারের সংযোগ সৃষ্টিকারী গার্ডারগুলোর মধ্যে ক্রস গার্ডার (লোহার রড দিয়ে সংযোগ) দিতে হয়। ক্রস গার্ডারের কাজ শেষ করার আগে ওজন ধরে রাখার জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা থাকা দরকার ছিল। এটির তা ছিল না বলে মনে হচ্ছে। এ কারণে দুর্ঘটনা ঘটেছে বলে আমার ধারণা।’খালেদা জিয়ার শোক: বহদ্দারহাটে নির্মাণাধীন উড়ালসড়কের গার্ডার ভেঙে নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি আহত ব্যক্তিদের সুচিকিৎসার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। এ ছাড়া শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।