চট্টগ্রামে এক ব্যক্তিকে হত্যা, পালানোর সময় আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হালিশহর থানার উত্তর আগ্রাবাদে গতকাল রোববার আবদুল মোনাফ (৩২) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় আরও তিনজন আহত হন। পরে পুলিশ ধাওয়া করে দুটি আগ্নেয়াস্ত্রসহ পাঁচ সন্ত্রাসীকে আটক করে।স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার ও ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আবদুল মোনাফ উত্তর আগ্রাবাদের রামপুর বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা এবং ঠিকাদারি ব্যবসা করতেন। তাঁর বিরুদ্ধেও এলাকায় সন্ত্রাসের অভিযোগ আছে। একই এলাকার বাসিন্দা খোকনের অনুসারী সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশ ও আটক যুবকেরা জানান। ঘটনার পর উত্তেজিত জনতা খোকনদের একটি ট্রাকে অগ্নিসংযোগ করে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে রামপুর বসুন্ধরা আবাসিক এলাকায় মোনাফদের সঙ্গে খোকনদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষে হাতাহাতি হয়। এ সময় পেছন থেকে খোকনের সঙ্গীরা মোনাফকে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুই পক্ষের মধ্যে হাতাহাতি চলতে থাকে। এ সময় খোকনের বাবা ইমাম আলী (৬০) ছুরিকাহত এবং মোনাফের মামা শাহজাহান (৩০) ও মো. শাহেদ আলম (৪০) আহত হন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্ত্রাসীরা মোনাফের একটি ফোন-ফ্যাক্সের দোকানে ব্যাপক ভাঙচুর চালায়। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর সন্ত্রাসীরা ফাঁকা গুলি করে পালাতে থাকে। এ সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার (এসি) তানভির আরাফাত। ঘটনাটি শুনে তিনি হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর এবং কয়েকজন পুলিশ সদস্য নিয়ে সন্ত্রাসীদের ধাওয়া করেন। একপর্যায়ে একটি এলজিসহ খোকনের ভাই জসিম ওরফে ফারুক (২৫), একটি চাকুসহ মো. শুক্কুর (২২) ও মো. বাপ্পি ওরফে বাপ্পাকে (২৩) আটক করে পুলিশ। পরে অন্য দুই সন্ত্রাসী মো. দস্তগীর (২২) ও বাবলুকে (১৯) একটি একনলা বন্দুক ও একটি চাকুসহ আটক করা হয়। দস্তগীরও খোকনের ভাই। সন্ত্রাসীদের কাছ থেকে চারটি গুলিও উদ্ধার করে পুলিশ।ইমাম আলীকেও (৬০) আটক দেখানো হয়েছে। তবে খোকন পালিয়ে গেছেন।সহকারী কমিশনার তানভির আরাফাত বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তার ও ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে খোকনের লোকজন এ হত্যাকাণ্ড ঘটায়। ঘটনার পরপরই সন্ত্রাসীদের আমরা ধাওয়া করি এবং পাঁচজনকে অস্ত্রসহ আটক করি। জসিমই গুলিটি করেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আটক সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘খোকনদের সঙ্গে এলাকায় ইট-বালু সরবরাহ নিয়ে এর আগে মোনাফের ঝগড়া হয়েছে। স্থানীয়ভাবে তা মিটমাট হয়। তবে আটক সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদ করে আমরা আসল কারণ বের করার চেষ্টা করছি।’আটক জসিম জানান, নিহত মোনাফের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তিনি বলেন, ‘আমার বাবা ইমাম আলীকে ছুরিকাঘাত করায় আমরা মোনাফের ওপর চড়াও হই। তবে আমি গুলি করিনি। মোনাফের ওপর চড়াও হওয়ার সময় আমরা চার ভাইসহ মোট আটজন ছিলাম।’হালিশহর থানার পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।