চট্টগ্রামে একজনের লাশ উদ্ধার
চট্টগ্রাম শহরের মোমিন রোডের একটি ডিজিটাল প্রিন্টিংয়ের দোকান থেকে পুলিশ আজ রোববার সকালে জোবায়ের হোসেন (৫৫) নামের একজনের লাশ উদ্ধার করেছে। ওই দোকানে ডাকাতির সময় দুর্বৃত্তরা তাঁকে হত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। পুলিশ জানায়, জোবায়ের রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগরের মোহাম্মদ হোসেন চৌধুরীর ছেলে। কোতোয়ালি থানার পুলিশ জানায়, মোমিন রোডের কদম মোবাররক জামে মসজিদের সামনে ফিউচার ইমেজ নামের একটি প্রিন্টিং প্রতিষ্ঠানে গতকাল রাতে ঘুমিয়ে ছিলেন জোবায়ের। তিনি ওই প্রিন্টিং প্রতিষ্ঠানের মালিকের আরেকটি দোকান সারফেইজের ম্যানেজার ছিলেন। তবে রাতে এখানে ঘুমাতেন। আজ সকালে দরজা খোলা দেখে আশপাশের লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে হাত-পা বাঁধা ও মুখে কাপড় গুঁজে রাখা অবস্থায় জোবায়েরের লাশ উদ্ধার করে।দোকানের মালিক পক্ষ জানিয়েছে, দোকান থেকে ল্যাপটপ ও হাজার দুয়েক টাকা খোয়া গেছেন। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মোহসীন বলেন, মালামাল লুটে নেওয়ার সময় বাধা দেওয়ার কারণেই দুর্বৃত্তরা জোবায়েরকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এর সঙ্গে অন্য কোনো বিষয়ের সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।