চট্টগ্রামে একমাত্র সমস্যা জামায়াত: নুরুল ইসলাম
চট্টগ্রামে কোনো সমস্যা নেই। একমাত্র সমস্যা জামায়াত-শিবির। মিয়ানমার থেকে রোহিঙ্গারা এসে জামায়াতকে সমর্থন দিচ্ছে। আজ বুধবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব সম্পর্কিত আলোচনায় এ কথা বলেছেন চট্টগ্রামের সরকারদলীয় সাংসদ নুরুল ইসলাম বিএসসি।নুরুল ইসলাম বলেন, ‘রোহিঙ্গারা মিয়ানমার থেকে অস্ত্র নিয়ে এসেছে। সেগুলো নিয়ে তারা শহরে বাসা ভাড়া নিয়ে থাকে। এদের অধিকাংশই জামায়াতের সমর্থক। এরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষা জানে। সময় হলে বাঁশিতে ফুঁ দিয়ে একযোগে আক্রমণ চালায়। গাড়ি ভাঙচুর করে দ্রুত পালিয়ে যায়।’ জাসদের শাহ জিকরুল আহমেদ বলেন, ‘১৯৭১ সালে জামায়াত রাজারবাগ পুলিশ লাইনে হামলার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। স্বাধীনতার ৪০ বছর পর তারা আবারও পুলিশের ওপর হামলা করে একই বার্তা দিতে চায়।’ নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াতকে এখনই নির্মূল করতে হবে। আগামী নির্বাচনে তাদের পরাজিত করতে হবে। এর আগে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ আব্দুস শহীদ। তাঁকে সমর্থন করেন হুইপ আ স ম ফিরোজ। এ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ৪০ ঘণ্টার আলোচনার কথা রয়েছে। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার আগে সংসদে তিনটি বিল উত্থাপিত হয়। এগুলো হলো—পরিসংখ্যান বিল-২০১৩, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড বিল-২০১৩ এবং ইসলামিক ফাউন্ডেশন (সংশোধন) বিল ২০১৩। উত্থাপনের পর বিল তিনটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হয়।