চট্টগ্রামে ওরা ৩৫ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যাংকে চুরির সঙ্গে সংঘবদ্ধ চার-পাঁচটি চক্র জড়িত। এসব চক্রের সদস্যসংখ্যা প্রায় ৩৫ জন। একটি চক্রের সর্দারসহ আটজনকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে। আদালত ও পুলিশের কাছে তারা গুরুত্বপূর্ণ অনেক তথ্য দিয়েছে।পুলিশ সূত্র জানায়, চট্টগ্রামের বেসরকারি প্রতিষ্ঠান মিশম্যাক গ্রুপের ২৩ লাখ টাকা, রিয়াজউদ্দিন বাজারের ইউনিভার্সেল জুয়েলারির ৬৮৬ ভরি স্বর্ণ, কালুরঘাট বেইস টেক্সটাইলের ৩৬ লাখ টাকা, লালখান বাজারের মাইক্রোহান্টসের ৬৭ লাখ ও রাউজানের ইউসিবিএল ব্যাংকের ৩৫ লাখ টাকা চুরি হয়েছে। এসব চুরির সঙ্গে জড়িত অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা এখন কারাগারে। সূত্র জানায়, চট্টগ্রাম ছাড়াও ঢাকার ব্র্যাক ব্যাংক থেকে স্বর্ণ চুরি, জামালপুরে একটি ব্যাংকে চুরি এবং সিলেটে জুয়েলারি দোকানের স্বর্ণ চুরির ঘটনার সঙ্গে এসব চক্রের সদস্যরা জড়িত।হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বাবুল আক্তার জানান, কোনো প্রতিষ্ঠান বা ব্যাংকে চুরির আগে সন্ত্রাসীরা আশপাশের ভবনে বাসা ভাড়া নেয়। দেড়-দুই মাস ওরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দারোয়ানের সঙ্গে সখ্য গড়ে তোলে। সুযোগ বুঝে চুরি করে তারা পালিয়ে যায়।গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মহসীন বলেন, লালখান বাজারে মাইক্রোহান্টসের ৬৭ লাখ টাকা চুরির তিন মাস আগে স্বপন ওই প্রতিষ্ঠানে আনসার হিসেবে চাকরি নেন। তাঁর বাড়ি ময়মনসিংহে। স্বপনের সিন্ডিকেটের অন্যতম সদস্য আতিকুর রহমান চট্টগ্রামে ব্যাংক ও স্বর্ণের দোকানে চুরির সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য আছে।চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামের বড় বড় প্রায় সব চুরির ঘটনা উদ্ঘাটিত হয়েছে। কিছু আলামতও আমরা জব্দ করেছি। চার-পাঁচটি চক্রের ৩৫-৩৬ জন চোর ঘুরেফিরে বড় বড় চুরিতে অংশ নিচ্ছে। গ্রেপ্তার করা হলেও আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে তারা আবার অপরাধে জড়িয়ে পড়ে।’ পুলিশ সূত্র জানায়, কারাগারে আছেন একটি চক্রের প্রধান বদিউল আলম ওরফে নাসের, মুন্সিগঞ্জের রাজা, রাজু ও শাকুর মোহাম্মদ শুক্কুর; ফেনীর সোনাগাজীর বাসিন্দা বিপ্লব; কুমিল্লার চৌদ্দগ্রামের মো. জামাল; লক্ষ্মীপুরের উত্তর চন্দ্রপুরের মো. আলমগীর এবং চট্টগ্রামের চন্দনাইশের আবদুল আজিজ।চোর চক্রের প্রধান বদিউল আলম প্রথম আলোকে বলেন, ‘২০০১ সালে আমরা ছয়-সাতজন চোরের একটি সিন্ডিকেট গড়ে তুলি। দেড়-দুই বছরের মাথায় আমাদের মধ্যে মনোমালিন্য হয়। এরপর দল ভেঙে পাঁচজন পাঁচটি সিন্ডিকেট গড়ে তোলেন। এসব সিন্ডিকেট এখন চট্টগ্রাম ও ঢাকার ব্যাংক-বিমা, বেসরকারি প্রতিষ্ঠান এবং জুয়েলারি দোকানে চুরি করছে।’পুলিশ ও গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রামে ব্যবসাপ্রতিষ্ঠান ও ধনাঢ্য পরিবারের বাসায় চুরির সঙ্গে চারটি সিন্ডিকেট জড়িত। একটির নেতৃত্বে আছেন বদিউল আলম। অন্য তিনটির নেতৃত্ব দিচ্ছেন নুরুল ইসলাম ওরফে ভোটা, এয়াকুব আলী ওরফে ফরহাদ ও মফিজ। তাঁদের মধ্যে নুরুল ইসলাম ২০০৯ সালে ঢাকা রেলভবনে চুরির সঙ্গে জড়িত।গত বছরের সেপ্টেম্বরে চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের ইউনিভার্সেল জুয়েলারি থেকে ৬৮৬ ভরি স্বর্ণ চুরি হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে গত ১৯ মে ঢাকার উত্তরা থেকে শাকুর গ্রেপ্তার হন। তিনিও চট্টগ্রাম কারাগারে আছেন। রিমান্ডে তিনি পুলিশের কাছে গুরুত্বপূর্ণ তথ্য দেন। নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মহসীন বলেন, রিয়াজউদ্দিন বাজারে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় নুরুল আলম ওরফে খুরু নামের একজন গত বছরের ১৬ অক্টোবর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি নিজেকে জড়িয়ে ১০ জনের নাম প্রকাশ করেন। কোতোয়ালি থানার এসআই সদীপ কুমার দাশ বলেন, রিয়াজউদ্দিন বাজারে স্বর্ণ চুরি মামলার আসামি রাজা ও রাজুকে সম্প্রতি জামালপুর জেলা পুলিশ গ্রেপ্তার করে। গত ২৭ জানুয়ারি জামালপুরের একটি ব্যাংকের মোটা অঙ্কের টাকা চুরি হয়। দুজনের বাড়ি মুন্সিগঞ্জে। রাজা-রাজু চট্টগ্রামের রাউজানে ইউসিবিএল ব্যাংকের ৩৫ লাখ টাকা চুরির সঙ্গেও জড়িত থাকতে পারে।