চট্টগ্রামে কমিউনিটি ক্লিনিকের জন্য জমি মিলছে না
চট্টগ্রাম জেলার ১৫৫টি কমিউনিটি ক্লিনিকের জন্য দীর্ঘদিন ধরে জমি খুঁজছে স্বাস্থ্য বিভাগ। কিন্তু বিনা মূল্যে জমি পাওয়া যাচ্ছে না। এতে প্রস্তাবিত এসব ক্লিনিকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর সারা দেশের মতো চট্টগ্রামের বন্ধ কমিউনিটি ক্লিনিক চালুর উদ্যোগ নেয়। একই সঙ্গে নতুন করে আরও ২৯১টি ওয়ার্ডভিত্তিক ক্লিনিক নির্মাণের পরিকল্পনা করা হয়।সূত্র জানায়, গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৯৯৮ সালে গ্রামাঞ্চলে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম শুরু হয়। তখন চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় ২৯৭টি ক্লিনিক চালু হয়েছিল। অবশ্য জোট সরকারের সময় এগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল।ইউনিয়ন কিংবা ওয়ার্ড পর্যায়ে প্রতিটি কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা দিতে একজন স্বাস্থ্য সহকারী, একজন পরিবার পরিকল্পনা সহকারী ও একজন সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) কর্মকর্তা নিয়োগ করার সুপারিশ করা হয়েছে।জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নতুন ২৯১টি ক্লিনিকের মধ্যে ৯৮টির জায়গা পাওয়া গেছে। ইতিমধ্যে এগুলোর নির্মাণকাজও শুরু হয়েছে। আরও ৩৮টি ক্লিনিকের জমি পাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।পটিয়ায় ১৭টি, লোহাগাড়ায় তিনটি, হাটহাজারীতে নয়টি, রাঙ্গুনিয়ায় সাতটি, সীতাকুণ্ডে ১৪টি, আনোয়ারায় ১২টি, মিরসরাইয়ে ১৫টি, রাউজানে ১৩টি, ফটিকছড়িতে ১৫টি, বোয়ালখালীতে ১০টি, সন্দ্বীপে নয়টি, সাতকানিয়ায় ১৩টি, বাঁশখালীতে সাতটি ও চন্দনাইশে ১১টি ক্লিনিকের জন্য এখনো কোনো জমি মেলেনি।স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, প্রতিটি ক্লিনিক নির্মাণের জন্য বরাদ্দ আছে ১০ লাখ টাকা। তবে ক্লিনিকের জমির জন্য কোনো বরাদ্দ দেওয়া হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নিজ নিজ ওয়ার্ডে জমিদাতা খুঁজে বের করে এসব ক্লিনিক করতে বলা হয়েছে। একটি ক্লিনিকের জন্য জমি লাগবে প্রায় ৮ শতাংশ। এক বছরেও প্রয়োজনীয় এই জমি পায়নি সিভিল সার্জন কার্যালয়। তারা বিভিন্ন এলাকার লোকজনকে জমি দান করার জন্য উদ্বুদ্ধ করছে।চট্টগ্রাম জেলা সিভিল সার্জন মো. আবু তৈয়ব প্রথম আলোকে বলেন, ‘জমির জন্য কোনো বরাদ্দ নেই। কেউ দান করলেই ক্লিনিক নির্মাণ করা যাবে। আমরা জমি খুঁজছি। কিছু কিছু এলাকায় জমি পাওয়া গেছে। তবে অনেক এলাকায় এখনো জমি পাওয়া যায়নি। জমির মালিকদের বুঝতে হবে, তাঁদের এলাকায় ক্লিনিক হলে স্বাস্থ্যসেবার মান উন্নত হবে।’জানা গেছে, জমি দান করলে জমিদাতার নামের ফলক টানানো থাকবে। কিন্তু ক্লিনিকের নামের সঙ্গে কোনোভাবে জমিদাতার নাম উল্লেখ করা হবে না। এ ছাড়া জমিটি ক্লিনিকের নামে রেজিস্ট্রি দিতে হবে। এসব কারণে জমি দিতে অনেকে আগ্রহ দেখাচ্ছেন না।আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সফিউল আলম চৌধুরী বলেন, ‘যেসব ওয়ার্ডে আগে ক্লিনিক ছিল না, সেখানে নতুন করে কমিউনিটি ক্লিনিক হবে। এ জন্য আমরা জায়গা খুঁজছি। কিছু কিছু জমি পেয়েছি। তবে জমির মালিকেরা জমি দিতে গড়িমসি করছেন।’জেলার আরও কয়েকটি উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা অনেকটা একই রকম কথা বলেন।