চট্টগ্রামে কমিশন কার্যালয়ের বাইরে সংঘর্ষ
নির্বাচন কমিশনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের বাইরে আজ বৃহস্পতিবার রাত ১১টার দিকে বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলমের কর্মীদের সঙ্গে প্রতিপক্ষ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বিএনপি কর্মীরা সেখানে ফুটপাতের দুটি দোকান, সাংবাদিকদের একটিসহ তিনটি মটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করেন বিএনপির কর্মীরা। এতে উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীরসহ চার পুলিশ এবং আরও অন্তত ছয়জন আহত হয় বলে জানা গেছে। আনুমানিক আধ ঘণ্টা ধরে চলে এ সংঘর্ষ। রাত পৌনে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে সংঘর্ষ চলছিল। স্টেডিয়াম এলাকা থেকে কাজীর দেউরি মোড় ও আসকার দীঘির পাড় এলাকা পর্যন্ত বিএনপি কর্মীরা ছড়িয়ে পড়ে। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, লাঠিপেঠা ও ফাঁকা গুলি ছুটছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটগ্রহণ শেষে একে একে ভোটের বাক্স ও ফলাফল আনা হচ্ছিল নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কক্ষে। নগরীরর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামে এই নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়। সন্ধ্যার পর থেকে একে একে বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষণা শুরু হয়। রাত সাড়ে ৯টা পর্যন্ত মোট ৬৭৩ কেন্দ্রের মধ্যে মাত্র কয়েকটি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। এরপর অনেকক্ষণ এ সংখ্যা আর বাড়েনি। এ দিকে সন্ধ্যার পর থেকে বিএনপির কর্মীরা নিয়ন্ত্রণ কক্ষের আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন। আর মহিউদ্দিনের কর্মীরা নন্দনকানন এলাকার নাগরিক কমিটির কার্যালয়ের সামনে জড়ো হয়। রাতে যত বাড়তে থাকে বিএনপি কর্মীদের সংখ্যা বাড়তে থাকে। ভোট কেন্দ্রের ফলাফল আস্তে আস্তে ঘোষণা হলেও রাত ৮ টার থেকেই উভয় প্রার্থীর পক্ষ থেকে অনেক বেশি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে বলে প্রচার শুরু করে। উভয় পক্ষই নিজেদের প্রার্থী এগিয়ে আছে বলে দাবি করে। এভাবে রাত যত বাড়তে থাকে নানা গুজব ছড়াতে থাকে। নিয়ন্ত্রণ কক্ষে বিভিন্ন সংবাদ মাধ্যমের বিপুল সংখ্যক কর্মীও সন্ধ্যর পর থেকে উপস্থিত রয়েছেন।রাত পৌনে ১১টার দিকে মহিউদ্দিন চৌধুরীর সমর্থক ছাত্রলীগ-যুবলীগ কর্মীরাও নন্দনকানন এলাকা থেকে নিয়ন্ত্রণ কেন্দ্রের আশপাশের এলাকায় আসতে শুরু করেন। এ সময় তাঁদের সঙ্গে মনজুর আলমের কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় বিএনপির কর্মীরা আনারস মার্কার পক্ষে স্লোগান দিয়ে মিছিল নিয়ে নিয়ন্ত্রণ কক্ষের দিক যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়। চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর ও সাংসদ মাওলানা সামছুল ইসলাম মিছিলের নেতৃত্ব দেন। তখন আবার সংঘর্ষ বাঁধে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে। তখন বিক্ষুব্ধ বিএনপি কর্মীরা ফুটপাতের দুটি দোকান ও তিনটি মটর সাইকেল ভাংচুর ও পুড়িয়ে দেয়। এরমধ্যে প্রথম আলোর সাংবাদিক হামিদউল্লাহর মটরসাইকেলও রয়েছে। সংঘর্ষে চার পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়। এ সময় একটি ভোটের বাক্স ভেঙে ফেলে বিক্ষুব্ধ কর্মীরা।