চট্টগ্রামে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
চট্টগ্রাম নগরের আলকরণ এলাকায় রিটু ঘোষ (২৪) নামের এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সোয়া ১১টার দিকে আলকরণ ৪ নম্বর গলির একটি ওষুধের দোকানে এ ঘটনা ঘটে। রিটু ঘোষ চন্দনাইশের গাছবাড়িয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞানের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। আলকরণ এলাকায় সোনিয়া মেডিকেল হল নামে তাঁদের একটি ওষুধের দোকান রয়েছে। তিনি পড়ালেখার পাশাপাশি ওই দোকানে বসতেন। তাঁর বাবার নাম অধীর ঘোষ। তাঁদের বাড়ি চন্দনাইশের গাছবাড়িয়ায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সোয়া ১১টার দিকে ওষুধের দোকানে তিন যুবক এসে রিটুর সঙ্গে কথা বলেন। একপর্যায়ে অপরিচিত ওই যুবকেরা তাঁকে দোকানের বাইরে যেতে বলেন। রিটুর বড় ভাই সমীর ঘোষের দাবি, দোকানের বাইরে যাওয়ার পর রিটুর গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে দুর্বৃত্তরা। তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে সন্ত্রাসীরা চলে যায়। তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সকেরা রিটুকে মৃত ঘোষণা করেন। সমীর ঘোষের অভিযোগ, তাঁদের সঙ্গে বাড়িতে জমি নিয়ে প্রতিবেশীর বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে গত এপ্রিল মাসে রিটু বাদী হয়ে থানায় একটি মামলা করেন। ওই বিরোধ খুনের কারণ হতে পারে বলে তাঁরা মনে করছেন। সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব কুমার চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জায়গা-জমিসংক্রান্ত বিরোধসহ নানা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, পরিকল্পিতভাবে রিটুকে খুন করা হয়েছে।’