চট্টগ্রামে কাউন্টার ব্যবস্থায় বাস নামছে কম, যাত্রী-ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগরে গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে চালু করা হয়েছে কাউন্টারভিত্তিক বাস, মিনিবাস চলাচল। কিন্তু উদ্বোধনের চার দিন পরও এ ব্যবস্থা পুরোদমে চালু হয়নি। চলাচল করছে না সব বাস, মিনিবাস, হিউম্যান হলার। গণপরিবহন-স্বল্পতার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।চট্টগ্রাম মহানগরে প্রায় দেড় হাজার বাস, মিনিবাস ও হিউম্যান হলার চলাচল করে। অভিযোগ রয়েছে, এসব যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করছেন বাস মালিক সংগঠনের সাত নেতা এবং দুজন পরিবহন শ্রমিকনেতা। তাঁদের অসহযোগিতার কারণেই গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কাউন্টারভিত্তিক পরিবহনব্যবস্থা পুরোদমে চালু করা সম্ভব হয়নি। বরং গত বুধবার প্রায় ৫০টি বাস ভাঙচুরের কারণে গতকাল রাস্তায় বাস-মিনিবাসের সংখ্যা কমে যায়। সোমবার আনুষ্ঠানিকভাবে কাউন্টারভিত্তিক বাস চলাচল উদ্বোধন করা হয়।গতকাল বাস-মিনিবাস চলাচল কম থাকায় সকালে অফিস সময়ে এবং বিকেলে অফিস ছুটির পর যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেকে বাসে ওঠার জন্য এক ঘণ্টারও বেশি সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। অভিযোগ রয়েছে, নতুন ব্যবস্থা যাতে কার্যকর না হয়, সে জন্য কিছু বাসমালিক-শ্রমিকেরা রাস্তায় সব বাস নামতে দিচ্ছেন না।গণপরিবহন-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যেসব পরিবহনমালিক নগরের পরিবহনব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন, তাঁরা হলেন চট্টগ্রাম সিটিবাস মিনিবাস হিউম্যান হলার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুল আলম চৌধুরী, চট্টগ্রাম বাস মিনিবাস হিউম্যান হলার মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক গোলাম রসুল, চট্টগ্রাম সিটিবাস হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল মো. মনসুরুল করিম, মহানগর পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি এম এ তৈয়ব, যাত্রীসেবা পরিবহনের মোরশেদ হোসেন এবং কালুরঘাট বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি অনু কাদেরি।সূত্র জানায়, এঁদের মধ্যে সর্বাধিক প্রায় ৩০০ করে বাস-মিনিবাসের চলাচল নিয়ন্ত্রণ করেন নুরুল আলম চৌধুরী ও গোলাম রসুল। বেলায়েত ও মনসুরুল করিমের নিয়ন্ত্রণ আছে ১৫০ থেকে ২০০ করে বাস-মিনিবাস ও হিউম্যান হলার। তৈয়ব, মোশারফ ও অনুর নিয়ন্ত্রণে রয়েছে ৭০-৮০টি করে বাস-মিনিবাস।জানা যায়, পরিবহন শ্রমিকদের মধ্যে বেশি প্রভাব রয়েছে চট্টগ্রাম মহানগরী বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হকের। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অলি আহম্মদেরও যানবাহন চলাচলের ক্ষেত্রে প্রভাব রয়েছে। তবে তাঁর একক প্রভাব টেম্পো চলাচলের ক্ষেত্রে।যোগাযোগ করা হলে গোলাম রসুল পর্যাপ্তসংখ্যক বাস-মিনিবাস চলাচল না করার বিষয়টি স্বীকার করে গতকাল প্রথম আলোকে বলেন, ভাঙচুরের কারণে হয়তো কোনো কোনো মালিক তাঁদের যানবাহন বের করতে ভরসা পাচ্ছেন না। নিজের এবং নুরুল আলম চৌধুরীর তত্ত্বাবধানে প্রায় ৩০০ করে বাস-মিনিবাস চলাচলের বিষয়টি তিনি নিশ্চিত করেন।পরিবহন শ্রমিকনেতা অলি আহম্মদ প্রথম আলোকে বলেন, বাসমালিকেরা বৈঠকে এক কথা বলেন, আবার বৈঠক থেকে বের হয়ে অন্য রকম কাজ করেন। এসব কারণে কাউন্টার সার্ভিস ব্যবস্থা পুরো চালু হচ্ছে না। তবে পরিস্থিতির যেভাবে উন্নতি হচ্ছে তাতে কাউন্টার সার্ভিস ভালোভাবেই চালু হবে বলে মনে হচ্ছে। শ্রমিকদের বিশৃঙ্খলার কারণে নতুন ব্যবস্থা চালু না হওয়ার অভিযোগ তিনি নাকচ করে দেন।প্রশাসনের কর্মকর্তারা মনে করেন, কাউন্টারভিত্তিক বাস চলাচল ব্যবস্থা চালু হলে পথে পথে বাস থামিয়ে যাত্রী ওঠানো-নামানো বন্ধ হবে। এতে যানজট ও যাত্রী ভোগান্তি কমবে। ইচ্ছেমতো ভাড়া আদায়ের সুযোগও বন্ধ হবে।নতুন এই ব্যবস্থার বিরোধিতা করা বাসমালিক ও শ্রমিকেরা মনে করছেন, কাউন্টারব্যবস্থা চালু হলে শ্রমিকদের আয় কমে যাবে।জানা যায়, দফায় দফায় বৈঠকে পুলিশ প্রশাসনের অনড় অবস্থানের কারণে বাসমালিক-শ্রমিকেরা কাউন্টারভিত্তিক বাস চলাতে সম্মত হন। কিন্তু মালিক ও শ্রমিকদের একটি অংশ গোপনে এই ব্যবস্থার বিরোধিতায় নেমেছে।চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) ফারুক আহমদ প্রথম আলোকে বলেন, ‘এখনো ৪০ শতাংশের মতো বাস রাস্তায় নামছে না। আলাপ-আলোচনার মাধ্যমে আমরা সব বাস রাস্তায় নামানোর চেষ্টা করছি।’প্রশাসন সূত্র জানায়, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় বাস চলাচলের জন্য মোট ২৩টি রুট নির্ধারিত আছে। ১২টি রুটে ৮৭৭টি বাস-মিনিবাস এবং ১১টি রুটে প্রায় ৫০০টি হিউম্যান হলার চলাচলের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।