চট্টগ্রামে কারখানায় বিকল্প জ্বালানির ব্যবস্থা করতে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস সরবরাহে সংকটের কারণে প্রায় চার বছর ধরে চট্টগ্রামের শিল্পকারখানায় নতুন সংযোগ দেওয়া বন্ধ রয়েছে। নতুন করে বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড (বিজিএসএল) শিল্পকারখানাগুলোকে চিঠি দিয়ে বলেছে, যাদের নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে (ক্যাপটিভ পাওয়ার, জেনারেটর ইত্যাদি) ও যেসব বয়লার গ্যাসে চলে তাদের বিকল্প জ্বালানির ব্যবস্থা করতে হবে। এ জন্য ছয় মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। দুই সপ্তাহ আগে থেকে পর্যায়ক্রমে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানকে এ ধরনের চিঠি দেওয়া হচ্ছে বলে জানা গেছে। বিজিএসএলের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ছয় মাস পর ক্যাপটিভ পাওয়ার ও বয়লারের গ্যাস সরবরাহ বন্ধ করার পরিকল্পনা আছে। এখান থেকে সাশ্রয় হওয়া গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হবে। এটা সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত।বিজিএসএলের মহাব্যবস্থাপক খান মো. আশরাফ বিভিন্ন প্রতিষ্ঠানকে বিকল্প জ্বালানির ব্যবস্থা করতে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, গ্যাস-সংকটের কারণে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কতটি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে, তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। বিজিএলএলের হিসাবে দেখা যায়, গ্যাসচালিত ক্যাপটিভ পাওয়ারে চট্টগ্রামে প্রায় ১৬৫টি শিল্পকারখানা চলে। আরও এক হাজার ৩১টি প্রতিষ্ঠানে গ্যাসের সংযোগ আছে। এসব কারখানার অর্ধেকের বেশিতে গ্যাসচালিত বয়লার জেনারেটর আছে।গ্যাসের পরিবর্তে বিকল্প জ্বালানির ব্যবস্থা করার চিঠি পেয়ে উদ্বিগ্ন চট্টগ্রামের শিল্পপতি-কারখানার মালিকেরা। তাঁরা বলেন, শিল্প স্থাপনের আগে গ্যাস-বিদ্যুৎ-পানিসহ যাবতীয় সুবিধা দেওয়ার শর্তে আমরা বিনিয়োগ বোর্ডের অনুমোদন নিই। মাঝপথে এসে বলা হচ্ছে, গ্যাস সরবরাহ দেওয়া হবে না। মালিকেরা পাল্টা প্রশ্ন করছেন, ক্যাপটিভ পাওয়ার ও বয়লারের বিকল্প জ্বালানির ব্যবস্থা করতে কারখানার অবকাঠামো পাল্টাতে হবে। এ জন্য অনেক বাড়তি টাকা বিনিয়োগ দরকার। এ টাকা কে দেবে?তৈরি পোশাক রপ্তানিকারক সমিতি বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দীন চৌধুরী বলেন, ‘চট্টগ্রামের পরিস্থিতি এমন অসহনীয় পর্যায়ে গেছে যে এখানে পাগলও আর বিনিয়োগ করতে আসবে না।’ তিনি বলেন, বেশির ভাগ গার্মেন্টস ফ্যাক্টরির ডায়িং, ফিনিশিং এবং ওয়াশিং প্লান্টে গ্যাসচালিত বয়লার আছে। বয়লারে গ্যাস সরবরাহ বন্ধ করা হলে কারখানা চালু রাখা যাবে না।কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান বলেন, ‘আমাদের কিছু কারখানার স্পর্শকাতর যন্ত্রপাতির ব্যাকআপ দিতে এক-দেড় মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষম গ্যাসচালিত জেনারেটর সংযুক্ত আছে। এগুলোতে বিকল্প জ্বালানির ব্যবস্থা করা সম্ভব নয়। আমরা বিষয়টি নিয়ে বিজিএসএলের চিঠি ইস্যুকারী কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও তাঁরা কোনো সদুত্তর দিচ্ছেন না।’বিজিএসএল কর্মকর্তারা জানান, একসময় চট্টগ্রামে পর্যাপ্ত গ্যাসের সরবরাহ ছিল। তখন ঢালাওভাবে শিল্পকারখানায় গ্যাস সংযোগ দেওয়া হয়েছিল। এখন সরবরাহ কম। তাই শিল্প-প্রতিষ্ঠানগুলোকে ডিজেল ও ফার্নেস অয়েলনির্ভর নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও বয়লার স্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে। বিজিএসএলের কর্মকর্তারা জানান, বর্তমানে চট্টগ্রাম অঞ্চলে প্রতিদিন গ্যাস দরকার ৩৩ কোটি ৩৫ কোটি ঘনফুট গ্যাস। যেসব প্রতিষ্ঠান গ্যাসের জন্য আবেদন করেছে, তার হিসাব ধরলে প্রতিদিন গ্যাস চাহিদা দাঁড়াবে ৪৫ কোটি ঘনফুট। কিন্তু দিনে পাওয়া যাচ্ছে গড়ে ১৯-২০ কোটি ঘনফুট গ্যাস। গ্যাস সংকটের কারণে ইতিমধ্যে রাউজানের দুটি ও শিকলবাহার একটি বিদ্যুেকন্দ্র এবং চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার উৎপাদন বন্ধ করে দিতে হয়েছে।