দ্রুত বিচার আইনে করা মামলায় চট্টগ্রাম নগর জামায়াতে ইসলামীর আমির ও সাংসদ আ ন ম শামসুল ইসলামসহ ২৩ জনের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আজ মঙ্গলবার গ্রহণ করেছেন চট্টগ্রাম মহানগর হাকিম। একই সঙ্গে আ ন ম শামসুল ইসলামের জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর প্রতিবাদে চট্টগ্রামে কাল বুধবার আধা বেলা হরতাল ডেকেছেন জামায়াতের নেতা-কর্মীরা।আজ বেলা আড়াইটার দিকে চেরাগি পাহাড় মোড়ে জামায়াতের নেতা-কর্মীরা জড়ো হন। সেখানে তাঁরা মিছিল ও বিক্ষোভ করেন। সেখান থেকে কাল বুধবার চট্টগ্রামে অর্ধদিবস হরতাল ডাকা হয়েছে।প্রসঙ্গত, ১৩ মে নগরের কাজীর দেউড়িসহ বিভিন্ন স্থানে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় তিনটি ব্যক্তিগত গাড়িতে আগুন ধরিয়ে দেন উচ্ছৃঙ্খল কর্মীরা।এ ঘটনায় কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে দুটিসহ চারটি এবং খুলশী থানায় দুটি মামলা করা হয়। এসব মামলায় জামায়াতের সাংসদ শামসুল ইসলাম, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত্ হোসেন ও উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীসহ অন্তত আড়াই হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়। আদালত সূত্র জানায়, পুলিশ পাঁচটি মামলায় এবং একজন ব্যবসায়ী নেতা অন্য মামলায় বাদী হন।২৩ মে দ্রুত বিচার আইনে দুটি মামলায় আ ন ম শামসুল ইসলাম ও নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত হোসেনসহ বিএনপি-জামায়াতের ৫৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এর একটিতে আ ন ম শামসুল ইসলামসহ ২৩ জনের নামে অভিযোগ দেওয়া হয়। ২১ মে হাইকোর্ট শামসুল ইসলামকে একটি মামলায় এক মাসের জামিন এবং দ্রুত বিচার আইনে করা মামলায় সাতদিনের মধ্যে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন।এ নির্দেশ অনুযায়ী শামসুল ইসলাম গতকাল সোমবার মহানগর হাকিম মোহাম্মদ মাহবুবুর রহমান তাঁর জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন। তবে এ মামলায় আজ অভিযোগ গ্রহণের দিন ধার্য থাকায় আদালত তা গ্রহণ করে শামসুল ইসলামের জামিন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।