চট্টগ্রামে কিশোরের হাতে শিশু খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের জাকির হোসেন রোডে টেলিভিশন ভবনের পাশে মোহাম্মদ পারভেজ (৯) নামের এক শিশুকে ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ ওই এলাকার মো. শাহদাত (১৪) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে। সে পারভেজকে হত্যার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়।শাহাদাত পুলিশকে জানায়, গত শুক্রবার সন্ধ্যায় টেলিভিশন ভবনের পাশে রেলওয়ে পাম্প এলাকায় পারভেজকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে সে। পরে সে লাশটি নালার পাড়ে বালুর ওপর নিয়ে রাখে।পুলিশ সূত্র জানায়, পারভেজের বাসা টেলিভিশন ভবনের সামনে নুরিয়া মাদ্রাসা লেইনের আজগর কলোনিতে। তার বাবার নাম শামসুল হক। তাদের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট থানায়। দুই বোন চার ভাইয়ের মধ্যে সে সবার ছোট। সে একটি ভাঙারির দোকানে কাজ করত।গতকাল পারভেজের বাসায় গিয়ে দেখা যায়, তার মা রোকেয়া বেগম কাঁদছেন। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আমার ছেলেকে আমি শুক্রবার সন্ধ্যা থেকে খুঁজছি। রাতে অনেক জায়গায় খোঁজ নিয়েছি। কিন্তু পাইনি। সকালে একজন এসে জানায়, আমার ছেলের লাশ পাওয়া গেছে।’খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মো. এনাম জানান, পারভেজকে খুনের পর শাহদাত ঘটনাস্থলে পরনের টি-শার্ট ফেলে আসে। ওই টি-শার্টের সূত্র ধরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। শাহাদাত পেশায় ভ্যানচালক। তার বাবার নাম আশরাফ আলী। সে আগে একবার চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিল।শাহদাত জানায়, ‘পারভেজসহ শুক্রবার বিকেলে পাঁচটার দিকে আমি একটি রিকশাভ্যানে রং করি। এ সময় তার প্যান্টে রং লাগিয়ে দিই। পরে তাকে পাম্পে নিয়ে গোসল করাই। এরপর একটি বিষয় নিয়ে তর্কের একপর্যায়ে আমি ইট দিয়ে তার মাথায় আঘাত করি। আরেকটি আঘাত করি কপালে। এতে তার মাথা ফেটে যায়। এতে সে অজ্ঞান হয়ে পড়লে তাকে টেনে নালার পাশে রাখি। পরে বাসায় এসে ভ্যান নিয়ে বের হয়ে পড়ি।’শাহদাত জানায়, ‘পরদিন অর্থাৎ শনিবার সকালে লোকজন টেলিভিশন ভবনের দিকে যাচ্ছিল। তখন আমি লোকজনের কাছে কী হয়েছে জানতে চাই। তারা একটি ছেলে মারা গেছে বলে জানায়। তখন আমি আর সেদিকে না গিয়ে ভ্যান নিয়ে বাইরে বের হয়ে পড়ি।’ঘটনা সম্পর্কে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, ‘তুচ্ছ বিষয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে। আমরা শাহদাতকে আদালতের মাধ্যমে কিশোর সংশোধনাগারে পাঠিয়ে দেব।’