চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় গত রোববার সন্ধ্যায় একটি কুরিয়ার সার্ভিসে ডাকাতির চেষ্টাকালে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মিরাজ আকন (২৪)। তাঁর অন্য সহযোগীরা পালিয়ে গেছেন। এদের বেশ কয়েকজন ওই কুরিয়ার সার্ভিসে ডাকাতির উদ্দেশ্যে ঢাকা থেকে চট্টগ্রাম এসেছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ সূত্র জানায়, ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন ব্যাংকে ডাকাতি, স্বর্ণের দোকানে চুরি-ডাকাতি এবং কুরিয়ার সার্ভিসে ডাকাতির সঙ্গে এই চক্র জড়িত। ঢাকা-চট্টগ্রামভিত্তিক এই চক্রের দলনেতা এয়াকুব। ওই এয়াকুবসহ কয়েকজন ঢাকা থেকে চট্টগ্রাম এসেছিল ওই কুরিয়ার সার্ভিসে ডাকাতি করতে। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের নেতৃত্বে রোববার সন্ধ্যায় পুলিশ চক্রের অন্যতম সদস্য মিরাজকে বন্দর থানার আলীশাহপাড়া কবরস্থান এলাকা থেকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে একটি এলজি, লাল টেপ মোড়ানো ১২টি ককটেল, সাতটি কার্তুজ ও একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে। এ সময় তাঁর দুই সহযোগী পালিয়ে যান।পুলিশ জানায়, মিরাজের গ্রামের বাড়ি পিরোজপুরের জিয়ানগর এলাকার ইন্দুরকানি। তাঁর বাবার নাম মৃত মেহের আকন্দ। অস্ত্রসহ তাঁকে গ্রেপ্তারের ঘটনায় গতকাল সোমবার বন্দর থানায় মামলা হয়েছে। তাঁর অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে। নগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে মিরাজ প্রথম আলোকে জানান, ‘সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে পুলিশের টহল এবং নগরের বিভিন্ন মোড়ে পুলিশ-র্যাবের তল্লাশি চৌকি দেখে এয়াকুবসহ আমরা পিছু হটি। একপর্যায়ে পুলিশ ধাওয়া করে নৌবাহিনী হাসপাতালের বিপরীতে আলীশাহপাড়া কবরস্থানের কাছে আমাকে ধরে। অন্যরা পালিয়ে গেছে।’মিরাজ আরও বলেন, ‘আমাদের দলনেতা এয়াকুব ঢাকায় থাকেন। তিনি ঢাকা ও চট্টগ্রামের কয়েকটি ব্যাংকে ডাকাতি ও স্বর্ণালংকারের দোকানে চুরি-ডাকাতিতে নেতৃত্ব দেন। তাঁর নেতৃত্বে ঢাকা ও চট্টগ্রামে কয়েকজন কাজ করছে। বিভিন্ন সময় ডাকাতি ও চুরির ঘটনায় গ্রেপ্তার হয়ে এয়াকুবের সহযোগী সেন্টু, কালাম, জাকির, শরীফসহ কয়েকজন কারাগারে আছে।’গোয়েন্দা পুলিশ জানায়, এয়াকুবের নেতৃত্বে ২০০৮ সালে হালিশহরে একটি ব্যাংকে ডাকাতি হয়। ওই সময় বোমা ফাটিয়ে ডাকাতেরা টাকা লুটে নেয়। এ ছাড়া ঢাকায় কয়েকটি ব্যাংক ও স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় এয়াকুব নেতৃত্ব দেন।নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ হাছান চৌধুরী প্রথম আলোকে বলেন, ঢাকার কয়েকটি মন্দিরে স্বর্ণ চুরির সঙ্গে এয়াকুবের নেতৃত্বাধীন সন্ত্রাসীরা জড়িত বলে সন্দেহ হচ্ছে। তাঁর দলের সন্ত্রাসীরা আগ্রাবাদের কুরিয়ার সার্ভিস কার্যালয়ে ডাকাতির চেষ্টা করেছিল। ডাকাতি শেষে তাদের আবার ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল। মিরাজ বলেন, ‘এয়াকুব বিপুল অর্থবিত্তের মালিক। ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন ব্যাংক ও স্বর্ণের দোকান তাঁর লক্ষ্যবস্তু। তিনি একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে গেছেন। আমিও ২০০৭ সালের আগস্টে একবার গ্রেপ্তার হয়ে ১৩ দিন হাজতে ছিলাম।’