চট্টগ্রামে কেক কাটলেন আবু তৈয়ব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাব ও পুলিশ এক দশক ধরে তাঁকে খুঁজছে। তাদের চোখে ধুলো দিয়ে এত দিন তিনি ছিলেন আত্মগোপনে। কিন্তু হঠাৎ করে গতকাল বুধবার তিনি সবাইকে চমকে দিয়ে ছাত্রলীগের অনুষ্ঠানে যোগ দিলেন। নেতাদের সঙ্গে কেক কাটায় শরিকও হলেন। বহুল আলোচিত এ ব্যক্তি হলেন র‌্যাব ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং ফটিকছড়ির তৈয়ব বাহিনীর প্রধান আবু তৈয়ব।গতকাল ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন আবু তৈয়ব।দলীয় সূত্র জানায়, আবু তৈয়বের বিরুদ্ধে ছাত্রলীগের নেতা টিপুসহ অনেক হত্যা মামলা ছিল। বিগত জোট সরকারের আমলে তাঁর বিরুদ্ধে ৩৫টি মামলা ছিল। ২০০১ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের পর তৈয়ব বিদেশে পালিয়ে যান। সম্প্রতি তিনি দেশে ফেরেন বলে জানা গেছে।নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সর্বশেষ তৈয়বের বিরুদ্ধে ১৭টি মামলা ছিল। সব কটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এর মধ্যে ১৬টি মামলা রাজনৈতিক বিবেচনায় বাতিল করা হয়েছে। বর্তমানে একটি মামলা রয়েছে। সেটিতেও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।জানা গেছে, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল উত্তর জেলা ছাত্রলীগ নগরের দোস্ত বিল্ডিংয়ের কার্যালয়ে কেক কেটে কর্মসূচি শুরু করে। এতে চট্টগ্রাম উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে তৈয়বকে কেক কাটতে দেখে উপস্থিত সবাই বিস্মিত হন। তাঁকে দেখে নেতা-কর্মীদের কানাঘুষা করতে দেখা যায়।দলীয় সূত্র জানায়, ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকাকালে তৈয়ব দোস্ত বিল্ডিংয়ে মাত্র একবার যাওয়ার সুযোগ পেয়েছিলেন। সেদিন ছিল ১৯৯৯ সালের ৮ মে। সেদিন তাঁর আগমন ঠেকাতে ফটিকছড়ি ছাত্রলীগের তৎকালীন ছাত্রনেতা টিপুও ব্যাপক প্রস্তুতি নিয়েছিলেন। ৮ মে দুই পক্ষের সংঘর্ষ বেধে গেলে দোস্ত বিল্ডিং এলাকায় এক রিকশাচালক নিহত হন। এ ঘটনার কিছুদিন পর টিপু খুন হন। তৈয়ব দাওয়াত খাওয়ানোর কথা বলে ডেকে টিপুকে খুন করান বলে অভিযোগ রয়েছে।তৈয়বের উপস্থিতি সম্পর্কে উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতেয়ার সাঈদ প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় তৈয়ব ভাই হঠাৎ উপস্থিত হন। তিনিও একসময় সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রলীগের প্রতি বিশেষ দুর্বলতা আছে বলেই তিনি এসেছেন।’সাঈদ বলেন, ‘তাঁর (তৈয়ব) বিরুদ্ধে অনেক মামলা আছে। তিনি হঠাৎ করেই প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে এসেছেন। আমরা তো তাঁকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দিতে পারি না।’গতকাল কর্মসূচিতে অংশ নেওয়া দলীয় এক নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘উত্তর ছাত্রলীগের এক নেতার আমন্ত্রণে তৈয়ব দোস্ত বিল্ডিং কার্যালয়ে যাওয়ার দুঃসাহস দেখিয়েছেন। তৈয়ব তো ছয় বছর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তখন মাত্র একবার দোস্ত বিল্ডিংয়ে তিনি যেতে পেরেছেন। তা-ও এক রিকশাচালকের রক্ত মাড়িয়ে তাঁকে যেতে হয়েছে। এভাবে বিতর্কিত লোকদের ডেকে এনে সংগঠনকে বিতর্কিত করা উচিত নয়।’উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালামের সঙ্গে গতকাল সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল জুলফিকার আলী মজুমদার চট্টগ্রামে হঠাৎ তৈয়বের উপস্থিতির খবরে বিস্ময় প্রকাশ করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা তো তৈয়বকে অনেক দিন ধরে খুঁজছি। আমি দাপ্তরিক কাজে এখন ঢাকায়। আর তৈয়ব চট্টগ্রামে!’