চট্টগ্রামে ক্লিনিক ও গাড়ি ভাঙচুর করেছেন মেডিকেলের ছাত্ররা
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় গতকাল শনিবার রাতে একটি বেসরকারি ক্লিনিকে রোগী দেখানো সিরিয়াল ভাঙা নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্ররা তাণ্ডব চালিয়েছেন। তাঁরা তিনতলার ওই ক্লিনিকটিতে ব্যাপক ভাঙচুর চালান। পরে সড়কে নেমে অবরোধ করে ব্যাপকভাবে গাড়ি ভাঙচুর করেন। রাত সাড়ে ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্ররা সড়ক অবরোধ করে রাখেন। ছাত্র ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাত নয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজের কয়েক শ গজ দূরে বেসরকারি ক্লিনিক শেভরনের এক চিকিৎসকের কাছে রোগী দেখাতে যান কয়েকজন মেডিকেল ছাত্র। তাঁরা সিরিয়াল ভঙ্গ করে ওই চিকিৎসককে দেখাতে চাইলে ক্লিনিকের কর্মচারীরা বাধা দেন। এ নিয়ে ছাত্র ও কর্মচারীদের মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে ছাত্ররা বিষয়টি মুঠোফোনে মেডিকেল কলেজের ছাত্রাবাসে থাকা অন্য ছাত্রদের জানান। কিছুক্ষণের মধ্যে ছাত্রাবাস থেকে প্রায় আড়াই শ ছাত্র এসে ক্লিনিকটিতে হামলা চালান এবং প্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ব্যাপক ভাঙচুর করেন। ইতিমধ্যে পুলিশ এসে ছাত্রদের নিবৃত্ত করার চেষ্টা করলেও তারা ক্ষান্ত হননি। বরং আরও ছাত্র এসে তাঁদের সঙ্গে যোগ দেন। ছাত্ররা নগরের প্রবর্তক মোড় এবং মেডিকেল কলেজের সামনের সড়ক দিয়ে যাতায়াত করা গাড়ি ভাঙচুর করেন। রাত ১১টার দিকে ছাত্ররা হাসপাতালের জরুরি বিভাগের সামনে সড়ক অবরোধ করেন। হাসপাতালের সবগুলো ফটকে তালা লাগিয়ে দেন তাঁরা। এতে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। দুর্ভোগে পড়ে চিকিৎসা নিতে আসা রোগীরা। শেভরন ক্লিনিকের ব্যবস্থাপক পুলক পাড়িয়াল প্রথম আলোকে বলেন, ‘ছাত্রদের মারধর করার অভিযোগ ওঠায় আমরা তিনজন নিরাপত্তাকর্মীকে তাৎক্ষণিক পুলিশের হাতে তুলে দিয়েছিলাম। কিন্তু ছাত্ররা এতেও নিবৃত্ত হননি। তাঁরা ক্লিনিকের সাত-আটটি কম্পিউটার, দরজা-জানালার কাচ ভাঙচুরসহ পুরো ভবন তছনছ করেছেন।’ নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম রাত পৌনে ১২টায় প্রথম আলোকে বলেন, ‘আমরা সড়ক অবরোধ সরানোর চেষ্টা করছি। এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে।’ ঘটনার সূত্রপাত প্রসঙ্গে আমেনা বেগম জানান, দুই ছাত্র ওই ক্লিনিকে গিয়ে সিরিয়াল আগে না দেওয়ার জন্য ক্লিনিকের এক নিরাপত্তাকর্মীকে থাপড় দেন। এটি দেখে ক্লিনিকের অন্য নিরাপত্তাকর্মীরা এসে দুই ছাত্রকে আটকে রাখেন। এরপর শুরু হয় ছাত্রদের ভাঙচুর।চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম জাহাঙ্গীর বলেন, ‘ছাত্রদের সঙ্গে একটি বেসরকারি ক্লিনিকের কর্মীদের মারামারি নিয়ে ভাঙচুরের বিষয়টি শুনেছি। আমি পুলিশকে বলেছি, যারা ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’ উত্তেজনাকর এ পরিস্থিতিতে কলেজ বন্ধ করা হবে কি না জানতে চাইলে অধ্যক্ষ বলেন, এ ব্যাপারে আজ রোববার সকালে সিদ্ধান্ত নেওয়া হবে।