চট্টগ্রামে কয়েক দফা সংঘর্ষ, ১২ গাড়ি ভাঙচুর
চট্টগ্রাম নগরে পুলিশের সঙ্গে গতকাল মঙ্গলবার বিকেলে বিএনপির নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের চার সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বিএনপির কর্মীরা অন্তত ১২টি গাড়ি ভাঙচুর করেন। পুলিশ বিএনপির তিন কর্মীকে গ্রেপ্তার করেছে।সংঘর্ষে পুলিশের আহত সদস্যরা হলেন সোহেল রানা, আজিম, ফারুক ও রফিক। ইটের আঘাতে সোহেলের মাথা ফেটে গেছে। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর বৃষ্টির মতো ইটপাটকেল ছোড়া হয়। এতে চারজন কনস্টেবল আহত হন। তাঁদের মধ্যে সোহেলের অবস্থা গুরুতর।দলীয় সূত্র জানায়, গতকাল বিকেলে হরতালের সমর্থনে জমিয়াতুল ফালাহ্ জাতীয় মসজিদের কাছে উত্তর জেলা বিএনপির নেতা-কর্মীরা জড়ো হন। সেখানে যোগ দেন আবদুল্লাহ আল নোমানের অনুসারীরাও। বিকেল চারটার দিকে জমিয়াতুল ফালাহ্ মসজিদের কাছ থেকে মিছিল বের করার চেষ্টা করেন তাঁরা। পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশের বাধা পেয়ে নোমানের অনুসারীরা দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে আবার জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের পর আবার মিছিল বের করার চেষ্টা করেন তাঁরা।প্রত্যক্ষদর্শীরা জানান, নোমানের অনুসারীরা নাসিমন ভবন চত্বর থেকে মিছিল নিয়ে বের হওয়ার চেষ্টাকালে আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারীরা দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে বেষ্টনী ভেঙে বিকেল পৌনে পাঁচটার দিকে নোমানের অনুসারীরা রাস্তায় মিছিল বের করেন। এ সময় পুলিশ তাঁদের লাঠিপেটা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।মিছিলকারীরা পুলিশের দিকে ইটপাটকেল ছোড়েন। বিশেষ করে জুবিলী রোড ও এনায়েতবাজার মোড়ে অবস্থান নিয়ে রাস্তায় খড়কুটোয় আগুন দেন। তাঁরা সবাই নোমানের অনুসারী।পুলিশ সূত্র জানায়, বিএনপির কর্মীরা জুবিলী রোড, এনায়েত বাজার, আসকার দিঘিরপাড় ও মোমিন রোড এলাকায় গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলা চালান। এ সময় এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।নোমানের অনুসারী হিসেবে পরিচিত নগর যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ‘পুলিশ লাঠিপেটা করে আমাদের গণতান্ত্রিক কর্মসূচি পালনে বাধা না দিলে কোনো সমস্যা হতো না।’নাসিমন ভবনে সমাবেশ: বিকেলে পুলিশের সঙ্গে বিভিন্ন সড়কে নোমানের সমর্থকদের যখন সংঘর্ষ চলছিল, তখন নাসিমন ভবন চত্বরে হরতালের সমর্থনে সমাবেশ করেন আমীর খসরু।সমাবেশে খসরু বলেন, ‘সরকার তত্ত্বাবধায়ক পদ্ধতি বাতিল করে আমাদের সামনে আর কোনো বিকল্প রাখেনি। তাই এ সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে। হরতাল কর্মসূচি পালনের সময় রাস্তায় পুলিশ থাকবে। বিএনপির নেতা-কর্মীরাও থাকবে। রাজপথ ছাড়া যাবে না।’নাসিমন ভবনের সমাবেশে নগর বিএনপির সহসভাপতি শামসুল আলম ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বক্তৃতা করেন। এর আগে নাসিমন ভবন চত্বরে নোমানের অনুসারীদের সমাবেশে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রমবিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন, কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান, নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এ সবুর, আবদুস সাত্তার প্রমুখ।উত্তর জেলা: জমিয়াতুল ফালাহ্ মসজিদ থেকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আসলাম চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতারা বিক্ষোভ মিছিল করে। এ সময় পুলিশ বাধা দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।জমিয়াতুল ফালাহ্ মসজিদ প্রাঙ্গণের সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ নিজেদের ক্ষমতা চিরস্থায়ী করতে বিরোধী দলগুলোর ওপর পুলিশি নির্যাতন চালাচ্ছে। সমাবেশে আসলাম চৌধুরী ছাড়াও উত্তর জেলা বিএনপির সহসভাপতি মহিউদ্দিন আহমেদ, ইসহাক কাদের চৌধুরী, যুগ্ম সম্পাদক নুরুল আমিন, উদয় কুসুম বড়ুয়া বক্তৃতা করেন।